ICC Champions Trophy | স্পিনের বিরুদ্ধে মহড়ায় বিরাট, ফিট হচ্ছেন শুভমান, তৈরি রাখা হচ্ছে ঋষভকে

ICC Champions Trophy | স্পিনের বিরুদ্ধে মহড়ায় বিরাট, ফিট হচ্ছেন শুভমান, তৈরি রাখা হচ্ছে ঋষভকে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


দুবাই: প্রাথমিক লক্ষ্যপূরণ সম্পূর্ণ। এবার বৃহত্তর লক্ষ্যের পথে এগিয়ে চলা! ধারাবাহিক ব্যর্থতা, টানা হারের পর ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে জিতে ভারতীয় ক্রিকেট দল যখন দুবাই পৌঁছেছিল, ক্রিকেটমহলের একটা বড় অংশ ধরেই নিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের ব্যর্থ হবেন রোহিত শর্মারা। উঠবে সমালোচনার ঝড়। রোহিত-বিরাট কোহলিদের ভবিষ্যৎ নিয়ে ফের শুরু হবে গবেষণা।

প্রথমে বাংলাদেশ ও পরে পাকিস্তান ম্যাচে অনায়াস, দাপুটে জয়ের পর ছবিটা বদলে গিয়েছে। সেমিফাইনাল নিশ্চিত করে ফেলার পর টিম ইন্ডিয়াকে এখন অশ্বমেধের ঘোড়ার মতো লাগছে। রোহিতদের কোনও দলই থামাতে পারবে না, এমন বিশ্বাস ফিরে এসেছে ক্রিকেটমহলে। আর তার মধ্যেই ভারতীয় দলের অন্দরে নীরবে কিছু রদবদল শুরু হয়েছে। যার প্রমাণ মিলেছে গতরাতে দুবাইয়ে আইসিসির ক্রিকেট অ্যাকাডেমির মাঠে ভারতীয় দলের অনুশীলনে।

বোলিং কোচ মরনি মরকেলের প্রত্যাবর্তন দলে স্বস্তির আবহ তৈরি করলেও অস্বস্তিও রয়েছে। সৌজন্যে শুভমান গিল। স্বপ্নের ফর্মে থাকা গিল অসুস্থ। তাঁর ভাইরাল জ্বর হয়েছে বলে খবর। গতকালের অনুশীলনে ছিলেন না শুভমান। তবে বৃহস্পতিবার আচমকাই দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অনুশীলনে হাজির হন শুভমান। সঙ্গে ছিলেন কয়েকজন সাপোর্ট স্টাফ। তবে এদিন দুবাইয়ে টিম ইন্ডিয়ার অনুশীলনে ছিল ছুটি। জানা গিয়েছে, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে অসুস্থ শুভমানকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। ৪ অথবা ৫ মার্চ, টিম ইন্ডিয়া যেদিনই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলুক না কেন, সেই ম্যাচের লক্ষ্যে গিলকে তাজা রাখা হচ্ছে। পাশাপাশি রবিবারের নিউজিল্যান্ড ম্যাচের জন্য শুভমানের বিকল্প হিসেবে ঋষভ পন্থকে তৈরি রাখা হচ্ছে। ঋষভ এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচে খেলেননি। দুবাইয়ে পা রাখার পর তাঁরও জ্বর হয়েছিল। এখন ঋষভ ফিট। গতরাতে ভারতীয় দলের অনুশীলনে তিনটি নেট মিলিয়ে প্রায় এক ঘণ্টার বেশি সময় ব্যাটিং করেছেন ঋষভ। আলাদাভাবে কিপিং চর্চাও করেছেন। মনে করা হচ্ছে, ঋষভ নিউজিল্যান্ডের বিরুদ্ধে রবিবারের ম্যাচে খেলবেন।

শুভমানের মতোই মহম্মদ সামিকেও রবিবারের নিউজিল্যান্ড ম্যাচে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁর পরিবর্তে হয়তো বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে খেলানো হবে। গতরাতে দুবাইয়ে টিম ইন্ডিয়ার অনুশীলনে এমন ইঙ্গিতও মিলেছে। এসবের মধ্যেই নিউজিল্যান্ড ম্যাচের মহড়াও জোরকদমে চলছে ভারতীয় ক্রিকেট সংসারে। কিউয়িদের দলে মিচেল স্যান্টনার সহ তিনজন স্পিনার রয়েছেন। সেই স্পিনারদের সামলানোর জন্য গতরাতে ভারতীয় দলের অনুশীলনে রেঞ্জ হিটিংয়ের উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি স্বপ্নের ফর্মে থাকা কোহলি গতরাতে ভারতীয় দলের অনুশীলনে স্পিনারদের বিরুদ্ধে নেটে এক ঘণ্টা ব্যাটিং করেছেন।

সবমিলিয়ে রবিবারের প্রতিপক্ষ নিউজিল্যান্ড হলেও টিম ইন্ডিয়ার মগজাস্ত্র সক্রিয় রয়েছে সেমিফাইনালকে কেন্দ্র করে। কিউয়িদের বিরুদ্ধে ম্যাচে যাই হোক না কেন, সেমিফাইনালে পুরো দলকে তাজা অবস্থায় চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *