Humayun Kabir | বামেদের শূন্য থেকে ফের শাসকদল করার প্রতিশ্রুতি! মন্তব্য হুমায়ুনের

Humayun Kabir | বামেদের শূন্য থেকে ফের শাসকদল করার প্রতিশ্রুতি! মন্তব্য হুমায়ুনের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গ রাজনীতিতে ফের এক নতুন মেরুকরণের সংকেত। জনতা উন্নয়ন পার্টি (JUP)-র প্রধান হুমায়ুন কবীরকে (Humayun Kabir) ঘিরে উত্তাল রাজ্যের রাজনৈতিক মহল। একদিকে মহম্মদ সেলিমের (Md Selim) সঙ্গে বৈঠক এবং অন্যদিকে আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি— সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে (Meeting Election) বড়সড় সমীকরণের ইঙ্গিত দিচ্ছেন এই নেতা। এবারের নির্বাচনে তাঁর অন্যতম বড় চমক হতে চলেছে আকাশপথে প্রচার।

এক একান্ত সাক্ষাৎকারে হুমায়ুন কবীর জানিয়েছেন, আগামী দু’মাস তিনি হেলিকপ্টারে চেপে রাজ্যজুড়ে প্রচার চালাবেন। বেলডাঙায় তৈরি হচ্ছে তাঁর স্থায়ী হেলিপ্যাড, থাকবে স্ট্যান্ড বাই হেলিকপ্টারও। তবে এই বিশাল খরচের উৎস নিয়ে রহস্য বজায় রেখেছেন তিনি। ২০১১ সালে তৃণমূল-কংগ্রেস জোটের হেলিকপ্টার রাজনীতির স্মৃতি উস্কে দিয়ে তিনি বলেন, ‘টাকা কোথা থেকে আসছে সেটা এখনই বলব না।’

ইতিমধ্যেই সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেছেন হুমায়ুন। তাঁর স্পষ্ট দাবি, ‘কংগ্রেস ও সিপিএম যারা এখন শূন্যে দাঁড়িয়ে আছে, তারা আমার হাত ধরলে আগামী দিনে শাসকদলে পরিণত হবে।’  আইএসএফ-এর সঙ্গে আলোচনার ভারও তিনি সেলিমের ওপরেই ছেড়েছেন। তবে বাম শিবিরের একাংশের ‘ছুতমার্গ’ নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। সুজন চক্রবর্তীর নাম না নিলেও তিনি ইঙ্গিত দেন যে, এক কমিউনিস্ট নেতা কথা বলতে চাইলে অন্যজনের ‘গোঁসা’ হচ্ছে।

হুমায়ুন কবীর জানান, তিনি মহম্মদ সেলিমকে মুর্শিদাবাদের একটি আসনে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন। এমনকি তিনি বলেন, ‘আমি রানিনগরে প্রার্থী দিয়েছি, কিন্তু সেলিম সাহেব দাঁড়ালে আমি সেই আসন ছেড়ে দিতেও প্রস্তুত।’ যদিও মহম্মদ সেলিম এখনও এই বিষয়ে কোনও সবুজ সংকেত দেননি।

ছাব্বিশের নির্বাচনে ১০০-র বেশি আসন পাওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন হুমায়ুন। খুব শীঘ্রই তিনি মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে দেখা করতে হায়দ্রাবাদ যাচ্ছেন। রাজনৈতিক মহলের মতে, মুর্শিদাবাদ ও মালদার সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসাতেই ওয়েইসি ও বামেদের সঙ্গে নিয়ে নতুন এই ‘ফ্রন্ট’ গড়ার চেষ্টা করছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *