উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রতিদিন ঘর ঝাঁট দেওয়া বা মোছা হলেও আপনার অজান্তেই ঘরের কোণে ঘাপটি মেরে বসে থাকতে পারে প্রাণঘাতী জীবাণু। আপাতদৃষ্টিতে ঘর পরিষ্কার মনে হলেও ধুলোবালি ও ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। তাই সুস্থ থাকতে বাড়ি পরিষ্কারের সময় এই জায়গাগুলিতে বিশেষ নজর দেওয়া জরুরি।
বাড়ির সবচেয়ে অবহেলিত জায়গা হলো দরজার ফ্রেম এবং ক্যাবিনেট। মাইক্রো ফাইবার কাপড় দিয়ে এগুলি নিয়মিত পরিষ্কার না করলে জমে থাকা ধুলো থেকে শ্বাসকষ্ট বা অ্যালার্জি হতে পারে। একইভাবে সিলিং ফ্যানে জমে থাকা ময়লা পাখা চললেই ঘরে ছড়িয়ে পড়ে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাসে অন্তত একবার পাখা সাফ করা প্রয়োজন।
ফ্রিজ, আলমারি বা ওয়াশিং মেশিনের মতো ভারী জিনিস প্রতিদিন সরানো সম্ভব নয়, ফলে এর নিচে ময়লার পাহাড় জমে। আবার সোফা বা চেয়ারের গদির নিচে ব্যাকটেরিয়া ও পোকামাকড় বাসা বাঁধে। এসব ক্ষেত্রে ভ্যাকিউম ক্লিনারের সাহায্য নেওয়া বুদ্ধিমানের কাজ। পাশাপাশি, মাউন্টেড টিভির পর্দার সামনের দিক পরিষ্কার থাকলেও পেছনের দিক অবহেলিত থেকে যায়, যা পরিষ্কার করা একান্ত জরুরি।
শৌচাগারের বেসিন বা কমোডের বাইরের অংশ আমরা প্রায়শই এড়িয়ে যাই। এখান থেকেই মূত্রনালীর সংক্রমণের (UTI) মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া বাড়ির ভেন্টিলেটার ৩ মাস অন্তর পরিষ্কার না করলে ঝুল ও ধুলোবালি থেকে ফুসফুসের সংক্রমণ হতে পারে। সুস্থ থাকতে কেবল ঘর ঝকঝকে রাখলেই হবে না, জীবাণুমুক্ত রাখতে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও পরিচ্ছন্নতা।
