উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনেতা তথা বিজেপি বিধায়ক (BJP MLA) হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে সরগরম টলিপাড়া। বারাণসীর ঘাটে হিরণের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই একদিকে যেমন প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় সরব হয়েছেন, তেমনই এবার বাবার কথা উল্লেখ না করেও একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন কন্যা নিয়াসা। সোশ্যাল মিডিয়ায় (Social media) একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর জীবনে মা-ই সব।
মঙ্গলবার হিরণ নিজেই তাঁর দ্বিতীয় বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন। যদিও বিতর্ক দানা বাঁধতেই সেই ছবিগুলি মুছে ফেলেন তিনি। কিন্তু ততক্ষণে জল অনেক দূর গড়িয়েছে। স্বামীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে অনিন্দিতা দেবী দাবি করেন, তাঁদের এখনও আইনি বিচ্ছেদ হয়নি। এই ডামাডোলের মধ্যেই ১৯ বছর বয়সি কন্যা নিয়াসা একটি ভিডিও পোস্ট করেন। সেখানে মা এবং পোষ্যর সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে তিনি লেখেন, ‘যতদূর মনে পড়ছে বহুদিন হল আমরা দু’জনেই আছি। তুমিই ভালোবাসা দিয়ে সব দায়িত্ব পালন করে চলেছ প্রতিনিয়ত। তুমিই আমার মা, তুমিই বাবা। তুমিই আমার পথপ্রদর্শক এবং সবচেয়ে বড় সমর্থক। তুমিই আমার হিরো মা।’
মেয়ের এই পোস্ট কার্যত বাবার ভূমিকার প্রতি এক তীব্র অবজ্ঞা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি, এতদিন মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই তিনি মুখ খোলেননি। কিন্তু পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে, তাতে তিনি এবার আইনি পদক্ষেপের পথে হাঁটবেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। গোটা ঘটনায় এখনও পর্যন্ত হিরণ চট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বারাণসীর বিয়ের ছবি এবং কন্যার এই পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক ও বিনোদন জগতের অলিন্দে। বিচ্ছেদহীন এই দ্বিতীয় বিয়ে কি আইনি জটিলতা ডেকে আনবে? উত্তরের অপেক্ষায় এখন সবাই।
