উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনাই সত্যি হল। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টলিউড অভিনেতা তথা খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বারাণসীর গঙ্গার ঘাটে বিশেষ বান্ধবী ঋতিকা গিরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। সামাজিক মাধ্যমে নিজেই শেয়ার করেছেন জীবনের এই বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি।
কাশীর ঘাটে ছিমছাম বিয়ে
গঙ্গার পবিত্র আবহকে সাক্ষী রেখে একেবারেই ছিমছাম অনুষ্ঠানে বিয়ে সারলেন হিরণ-ঋতিকা। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, হিরণের পরনে ছিল হলুদ পাঞ্জাবি ও কপালে কমলা তিলক। অন্যদিকে, লাল বেনারসি, সোনার গয়না আর চন্দনের সাজে ধরা দিয়েছেন নববধু ঋতিকা। সিঁদুরদান থেকে মালাবদল— হিন্দু রীতি মেনেই সম্পন্ন হয়েছে সমস্ত অনুষ্ঠান। তবে ছবিগুলি পোস্ট করার কিছুক্ষণ পরই রহস্যজনকভাবে নিজের প্রোফাইল থেকে তা সরিয়ে দেন অভিনেতা। হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি পেশায় মডেল।
পুরনো বিচ্ছেদ ও খড়্গপুর সংযোগ
এক সময়ের জনপ্রিয় এই ‘মাচো মস্তানা’র প্রথম স্ত্রী ছিলেন অনিন্দিতা চট্টোপাধ্যায়। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। তবে গত কয়েক বছর ধরেই তাঁদের সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা চলত। রাজনীতির ময়দানে নামার পর হিরণ মূলত খড়্গপুরেই থাকতেন। সেই দূরত্বই কি বিচ্ছেদের কারণ? তা নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য না করলেও, এদিন বারাণসীর বিয়ে সেই সব জল্পনায় ইতি টেনে দিল।
সহকর্মীদের শুভেচ্ছা ও রুদ্রনীলের মজার মন্তব্য
হিরণের বিয়ের খবর চাউর হতেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সতীর্থ ও বন্ধু রুদ্রনীল ঘোষ। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রুদ্রনীল বলেন,”বন্ধুরা নতুন জীবন শুরু করলে সবসময়ই ভালো লাগে। আমার বিয়ের সানাই কবে বাজবে সেই প্রশ্ন উঠবে জানি, তবে সঠিক সময় এলে আর দায়িত্ব নেওয়ার ক্ষমতা হলে আমিও করব।”তবে বিয়ের পর থেকেই হিরণের ফোন বন্ধ থাকায় তাঁর ব্যক্তিগত প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি।
