উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অসমের গুয়াহাটি-সোনাপুর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা (Highway Accident)। একটি যাত্রীবাহী গাড়ি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক সহ মোট ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী। শনিবার নালাগেদেরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৬ আসন বিশিষ্ট গাড়িটি নগাঁও থেকে গুয়াহাটির (Guwahati) দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে চলাকালীন হঠাৎই রাস্তার একটি বড় গর্তে পড়ে গাড়িটির একটি চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। চোখের পলকে গাড়িটি ডিভাইডার টপকে রাস্তার অন্য লেনে চলে যায় এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে, গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খেত্রী থানার পুলিশ। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার জেরে গুয়াহাটি-সোনাপুর সড়কে দীর্ঘক্ষণ তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ক্রেনের সাহায্যে দুর্ঘটনগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। প্রাথমিকভাবে টায়ার ফেটে যাওয়ার তত্ত্ব সামনে এলেও, অতিরিক্ত গতি বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ (Police)। তবে এখনও পর্যন্ত মৃতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
বারবার সড়ক খারাপ থাকা এবং খানাখন্দের কারণে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না কেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং ঠিক কী কারণে এই মর্মান্তিক পরিণতি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

