উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মুস্তাক আলি ট্রফিতে ঝলক দেখিয়েছিলেন আগেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তা পুরোপুরি রূপ নিল। সিরিজের প্রথম ও শেষ ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করে নিজের ফিটনেস ও ফর্ম নিয়ে সব সংশয় দূর করলেন হার্দিক পান্ডিয়া।
কটকে প্রথম ম্যাচে ২৮ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংসের পর অহমদাবাদে আরও ভয়ঙ্কর রূপ নেন ভারতীয় অলরাউন্ডার। মাত্র ১৬ বলে অর্ধশতরান পূর্ণ করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরির নজির গড়েন তিনি। ২৫ বলে ৬৩ রানের ইনিংসে মারেন পাঁচটি চার ও পাঁচটি ছক্কা, স্ট্রাইক রেট ছিল ২৫২।
হার্দিকের আগ্রাসী ব্যাটিংয়ে চাপমুক্ত হয়ে খেলেন তিলক বর্মাও। দক্ষিণ আফ্রিকার বোলারেরা কার্যত দিশেহারা হয়ে পড়েন তাঁর সামনে।
এই ম্যাচে আরও এক ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছেন হার্দিক। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রান ও ১০০ উইকেট—দু’টিই পূর্ণ করলেন তিনি। এই তালিকায় তাঁর আগে রয়েছেন শাকিব আল হাসান ও মহম্মদ নবী।
চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ফেরার পর হার্দিক নিজেই জানিয়েছিলেন তাঁর ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসের কথা। অহমদাবাদের ইনিংস সেই দাবিরই প্রমাণ।
শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগে সূর্যকুমার যাদব ও শুভমন গিলের ফর্ম নিয়ে যেখানে চিন্তায় কোচ গৌতম গম্ভীর, সেখানে হার্দিকের ব্যাটিং স্বস্তি এনে দিল টিম ইন্ডিয়া শিবিরে।
