আবু ধাবি: পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন নয়। ভারতীয় ক্রিকেট দলের যে নীতির উলটো পথেই হাঁটলেন হরভজন সিং। অতীতে করমর্দন বিতর্কে কড়া পদক্ষেপ নিলেও আবু ধাবি টি১০ টুর্নামেন্টে অন্য ছবি। ম্যাচ শেষে হাত মেলাতে দেখা গেল প্রতিপক্ষের পাক বোলার শাহনওয়াজ দাহানির সঙ্গে। দুইজনকে বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায়। ম্যাচের ফলাফল ছাপিয়ে পাক ক্রিকেটারের সঙ্গে হরভজনের যে সৌজন্যতা খবরের শিরোনামে।
বুধবার জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আবু ধাবি টি১০ লিগে হরভজন সিংয়ের অ্যাসপিন স্টালিয়ন্স বনাম নর্দার্ন ওয়ারিয়র্স ম্যাচে ঘটনাটি ঘটে। উত্তেজক ম্যাচে ৪ রানে হারে হরভজনের নেতৃত্বাধীন দল। শেষদিকে দাহানির (১০/২) দুরন্ত বোলিংয়ে আটকে যান তাঁরা। ম্যাচের পরই কিছুটা অপ্রত্যাশিতভাবে সৌজন্যের হাত বাড়িয়ে দেন হরভজন। যদিও যে সৌজন্য করমর্দন নিয়েই বিতর্কের ঝড়।
পহলগাম জঙ্গি আক্রমণের পর ‘নো হ্যান্ডশেক’ অবস্থান নেয় ভারতীয় ক্রিকেট দল। এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। পরবর্তী সময়ে অন্য পর্যায়ে ভারত-পাক ম্যাচে একই দৃশ্য দেখা গিয়েছে। লেজেন্ড লিগে পাক ম্যাচ পর্যন্ত বয়কট করে ভারত। যে দলে ছিলেন হরভজনও এবং পাক-বয়কট নিয়ে সোচ্চারও হয়েছিলেন।
