গাজোল: মাত্র চার মাসের ব্যবধানে ফের গাজোলে পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বিধানসভা নির্বাচনের (Meeting Election 2026) প্রাক্কালে আগামী ৪ এপ্রিল তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে গাজোলে মেগা নির্বাচনী (Gazol) সভা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই আচমকা সফরের খবরে তৃণমূল শিবিরে যেমন সাজো সাজো রব, তেমনই ব্যস্ততা বেড়েছে জেলা পুলিশ ও প্রশাসনের অন্দরে।
শনিবার বিকেলে সভাস্থল পরিদর্শনে আসেন মালদার পুলিশ সুপার অনুপম সিং, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অভিষেক রায়, এএসপি অর্পিত আর পারেখ এবং গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জি। গত বছরের ৩ ডিসেম্বর গাজোল কলেজ মাঠে প্রশাসনিক সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবার সভাস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে কলেজ মাঠের ঠিক উল্টো দিকে টোল গেট সংলগ্ন একটি বড় ফাঁকা জায়গা।
পুলিশ সুপার অনুপম সিং জানান, “আগামী ৪ এপ্রিল দুপুরে মুখ্যমন্ত্রী জনসভা করবেন। আজ সভামঞ্চ, হেলিপ্যাড, দর্শকদের বসার জায়গা এবং প্রবেশ ও প্রস্থানের পথসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হলো।”
তৃণমূল নেতা দীনেশ টুডু বলেন, “মুখ্যমন্ত্রী গাজোলকে বরাবরই গুরুত্ব দেন। আমরা এবার এই বিধানসভা কেন্দ্রটি তাঁকে উপহার দিতে চাই।” মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে পারদ চড়তে শুরু করেছে।
