হলদিবাড়ি: পরকীয়ার এ আরেক কাহিনী। চুপিসারে চলছিল প্রেম। গোপনে বাড়িতে আশা-যাওয়া তো ছিলই। সেইমতো তক্কেতক্কে ছিলেন গ্রামবাসীও। এবার বিধবা প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে আর রক্ষে হল না বছর তেতাল্লিশের বিবাহিত প্রেমিকের। ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে ধরে পড়ায় জুটল উত্তমমধ্যম। পরে সেই দুজনকে ধরেবেঁধে বিয়েই দিয়ে দিলেন গ্রামবাসী। এমনই ঘটনায় কার্যত হইহই কাণ্ড হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জের একটি গ্রামে।
এই কাহিনীতে প্রেমিকা গ্রামের বছর চল্লিশের এক বিধবা। পাশের গ্রামের এক মধ্যবয়স্ক ব্যক্তির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। গ্রামবাসীর বক্তব্য, ওই ব্যক্তি মাঝে মাঝেই চুপিসারে ওই মহিলার বাড়িতে আসতেন। স্থানীয়রা গ্রামে এসব পছন্দ করেননি। তাঁরা ওই ব্যক্তিকে সাবধানও করে দেন। কিন্তু, তিনি তখন প্রেমের জোয়ারে ভাসমান। তাই গ্রামবাসীদের কথায় কর্ণপাত করেননি।
বুধবার রাতে ওই ব্যক্তিকে মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন স্থানীয়রা। এরপরই খুঁটির সঙ্গে বেঁধে ওই ব্যক্তিকে মারধর করা হয়। তাঁদের উদ্ধার করে হলদিবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ দায়ের না হওয়ায় বৃহস্পতিবার পুলিশ তাঁকে ছেড়ে দেয়। এরপর রাতে গ্রামবাসীদের তরফে স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিয়ের আসর বসানো হয়। সেখানে তাঁদের চারহাত এক করা হয়। উপস্থিত সকলে নবদম্পতিকে আশীর্বাদ করেন। উপস্থিত সকলকে জিলিপি খাইয়ে মিষ্টিমুখ করানো হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ৭ বছর আগে ওই মহিলার স্বামী মারা যান। তাঁর তিন মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে তিনি একাই থাকতেন। সেই সুযোগে ওই ব্যক্তি বিধবার সঙ্গে সম্পর্ক গড়েন। দুজনের চার বছর ধরে সম্পর্ক। ওই ব্যক্তির বাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছে।
