নয়াদিল্লি: রাশিয়ার ইউনাইটেড এয়ারক্র্যাফট কর্পোরেশনের (ইউএসি) সঙ্গে গাঁটছড়া বেঁধে এস-১০০ জেট বিমান (jet plane) বানাবে রাষ্ট্রায়ত্ত হ্যাল (HAL)। মার্কিন রক্তচক্ষু সত্ত্বেও রাশিয়ার সঙ্গে এই চুক্তি থেকে স্পষ্ট, মস্কোর সঙ্গে দীর্ঘ কয়েক দশকের ঘনিষ্ঠতার পথ থেকে আপাতত সরতে নারাজ নয়াদিল্লি। এসজে-১০০ একটি টুইন ইঞ্জিন, ন্যারো বডি এয়ারক্র্যাফট। যা মোদি সরকারের উড়ান প্রকল্পে ছোট শহরগুলির মধ্যে যাতায়াতের ক্ষেত্রে গেমচেঞ্জার হতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।
হ্যাল জানিয়েছে, এই প্রথমবার কোনও একটি যাত্রীবিমান সম্পূর্ণরূপে ভারতে তৈরি হতে চলেছে। এর আগে এভিআরও এইচ-এস ৭৪৮ তৈরি করেছিল হ্যাল। যা ১৯৬১ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চলেছিল। আগামী ১০ বছরে দুই শতাধিক ছোট যাত্রীবিমানের প্রয়োজন পড়বে ভারতের অসামরিক বিমান পরিবহণ সংস্থাগুলির।
