উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গুজরাট (Gujarat) মন্ত্রীসভায় ব্যাপক রদবদল। বৃহস্পতিবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া মন্ত্রীসভার বাকি সদস্যেরা পদত্যাগ করেছিলেন। এদিন মন্ত্রীসভার নতুন সদস্যরা শপথ নেবেন বলে জানা গিয়েছিল। সেই মতো গান্ধিনগরের রাজভবনে এদিন ২৫ জন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিলেন। নতুন মন্ত্রী হিসাবে শপথ নেন মোট ১৯ জন। তার মধ্যে রয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী তথা গুজরাটের জামনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক রিভাবা জাদেজাও (Rivaba Jadeja)। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন। গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রতর সঙ্গে দেখা করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যপালের হাতে পদত্যাগী মন্ত্রী এবং হবু মন্ত্রীদের নামের তালিকা তুলে দেওয়া হয়।
গুজরাটে বিজেপির সাংগঠনিক এবং প্রশাসনিক রদবদল নতুন কিছু নয়। ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর উত্তরসূরি মনোনীত হয়েছিলেন আনন্দীবেন প্যাটেল। কিন্তু ২০১৬-র অগাস্টে ‘শীর্ষনেতৃত্বের নির্দেশে’ ইস্তফা দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন বিজয় রূপাণী। তাঁর নেতৃত্বেই ২০১৭-র বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে তুল্যমূল্য লড়াইয়ে জয়ী হয়েছিল বিজেপি (BJP)।
রাজ্য বিধানসভার মোট সদস্য সংখ্যা ১৮২। গুজরাটে সর্বাধিক ২৭ জন মন্ত্রী থাকতে পারেন, যা মোট সদস্য সংখ্যার ১৫ শতাংশ। আগের মন্ত্রীসভায় মোট ১৭ জন সদস্য ছিলেন। সে দিক থেকে দেখলে কেবল মন্ত্রীসভার রদবদলই নয়, সম্প্রসারণও হল।
