উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কথায় আছে বিরোধী আসনে থাকা মানেই বিরোধিতা করতে হবে। তাই কেন্দ্র সরকারের (Central Govt) প্রস্তাবিত নেক্সট জেনারেশন জিএসটিকে (GST) স্বাগত জানিয়েও খোঁচা দিল কংগ্রেস। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আট বছর আগে যখন জিএসটি চালু হয়েছিল তখন থেকেই ওই করকাঠামোর বিরোধিতা করা হয়েছে। তাই শুরুতে জটিল ওই কাঠামো চালু করা উচিত হয়নি মোদি সরকারের।
বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) জিএসটি কাঠামোয় বড় বদলের কথা ঘোষণা করেছেন।
এতে বেশিরভাগ খাওয়ারের দাম কমবে। স্বাস্থ্য বিমা ও জীবন বিমাতে জিএসটি তুলে নেওয়া হয়েছে। ৩৩টি জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য করা হয়েছে। পাশাপাশি রুটি, পনির, দুধের ক্ষেত্রেও জিএসটি তুলে নেওয়া হয়েছে।
এদিকে মাত্র ৫ শতাংশ জিএসটি বসছে তেল, ঘি, মাখন, চিজ, নুডলস, চানাচুর, নিমকি, ভুজিয়া, বিস্কুট, পাস্তা, সস ইত্যাদির ক্ষেত্রে। আবার জিএসটি কমে ৫ শতাংশে এসে দাঁড়াচ্ছে সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, বাসন, সেলাই মেশিন, ট্র্যাক্টর, কীটনাশক, কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে।
এই নয়া জিএসটিকে কাঠামোকে স্বাগত জানিয়েছে বিরোধী শিবির। তবে খোঁচা দিতেও ছাড়েনি। এবিষয়ে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের (P Chidambaram) বক্তব্য, “নতুন জিএসটি কাঠামোকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু এটা আরও আগে করা উচিত ছিল। প্রায় আট বছর ধরে যে জিএসটি কাঠামো চলছে সেটা চালু করাই উচিত ছিল না। আমরা প্রথম থেকে এমন জটিল কর কাঠামোর বিরোধীতা করে আসছি। কিন্তু সরকার এতদিন আমাদের কোনও কথা কানে তোলেনি।
কিন্তু সরকারের হঠাৎ ওই কর কাঠামোতে এমন বদল আনাটা বেশ চমকপ্রদ। চিদম্বরমের প্রশ্ন, বৃদ্ধির হার কমে যাচ্ছে? গৃহস্থালির চাহিদা কমছে, আয় কমছে এজন্য এমন বদল? নাকি সামনে বিহারে ভোট। সেখানকার মানুষের মন জয় পেতে কর কাঠামোয় বদল? আবার তার সঙ্গে রয়েছে ট্রাম্প এবং শুল্ক? কোনটা?
