বর্ধমান: ভোরের আলো ফোটার আগেই বড়সড়ো বিপত্তির সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশন (Katwa Station)। রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ৫৩৪৩৫ আপ আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের (Azimganj Passenger) একটি কামরায় হঠাৎই আগুন লেগে যায় (Prepare hearth)। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। এই ঘটনায় স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ট্রেনটি সকাল ৬টায় ছাড়ার কথা ছিল। তার প্রায় দেড় ঘণ্টা আগেই একটি বগি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। চোখের পলকে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি এবং আরপিএফ। খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। দমকলের দু’টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রেনের একটি কামরা প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।
রেল সূত্রে জানানো হয়েছে, ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকায় বড়সড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং কোনও হতাহতের খবর নেই। তবে আগুনের তীব্রতায় সাময়িকভাবে কাটোয়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। রেলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কামরাটি ‘ডেঞ্জার টেপ’ দিয়ে ঘিরে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে অন্তর্ঘাত বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রেল। হাওড়া ডিভিশনের ডিআরএম-এর নেতৃত্বে একটি তদন্তকারী দল ঘটনাস্থলে আসার কথা রয়েছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি বলেন, ‘দাঁড়িয়ে থাকা ট্রেনে কীভাবে আগুন লাগল, তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।’ এই ঘটনার পর স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।
