শিলিগুড়ি: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম-১ গ্রাম পঞ্চায়েতে শুক্রবার উপপ্রধান পদে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো (GP Upapradhan election)। তৎকালীন উপপ্রধানের পদত্যাগের ফলে দীর্ঘদিন ধরে খালি থাকা এই পদে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলা এসসি মোর্চার সভাপতি তথা শিমুলগুড়ি এলাকার পঞ্চায়েত সদস্য চন্দন রায়। পঞ্চায়েত সদস্যদের গোপন ভোটাভুটি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তিনি নতুন উপপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার ডাবগ্রাম-১ অঞ্চলে উপপ্রধান নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছিল। শেষ পর্যন্ত ভোটাভুটিতে চন্দন রায় জয়ী হওয়ার পরই ডাবগ্রাম-ফুলবাড়ি নম্বর-১ মণ্ডলের বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উল্লাস শুরু হয়। নির্বাচন প্রক্রিয়া শেষে পঞ্চায়েত কার্যালয়ের বাইরে একে অপরকে আবিরে রাঙিয়ে দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করিয়ে আনন্দ উদযাপন করেন কর্মী-সমর্থকরা।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি নম্বর-২ মণ্ডল সভাপতি, জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদিকা মিতালী রায় সহ দলের অন্যান্য নেতৃত্ব ও স্থানীয় কর্মীরা।
উপপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর চন্দন রায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়ায় জানান, পঞ্চায়েত এলাকায় গত কয়েক বছর ধরে যে সমস্ত গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে, সেগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত সম্পন্ন করার চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, কেন্দ্রে ও রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা কাজে লাগিয়ে এবং এলাকার সাধারণ মানুষের স্বার্থকে সর্বাগ্রে রেখে ডাবগ্রাম-১ অঞ্চলকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বদ্ধপরিকর।

