উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইউটিউবার ও ইনফ্লুয়েন্সর গৌরব তপাদারকে (Gourab Tapadar) ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রাক্তন প্রেমিকা অন্তরা দের সঙ্গে তাঁর ব্যক্তিগত চ্যাট প্রকাশ্যে আসতেই নেটদুনিয়া দুভাগে বিভক্ত। একদিকে গৌরবের বিরুদ্ধে উঠেছে ‘ক্রিমিনাল’ মানসিকতার অভিযোগ, অন্যদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা (Social Media Controversy)।
চ্যাট স্ক্রিনশট অনুযায়ী, বিয়ের পরও প্রাক্তনকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে গৌরবের বিরুদ্ধে। গৌরবের দাবি, মদ্যপ অবস্থায় ভুলবশত এমন মেসেজ করেছেন। তবে গৌরবের এই সাফাই মানতে নারাজ নেটিজেনদের একাংশ। গৌরবের দীর্ঘদিনের বন্ধুদের দাবি, সংগ্রামের দিনগুলোতে অন্তরাই তাঁর পাশে ছিলেন। চা-সিগারেটের খরচ থেকে মেট্রোর ভাড়া—সবই নাকি জোগাতেন অন্তরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বন্ধুর মতে, খ্যাতির চূড়ায় পৌঁছে গৌরব নিজের অতীত ও বন্ধুকে ভুলে বেইমানি করেছেন।
শনিবার স্ত্রী প্রিয়াঙ্কাকে (Priyanka) পাশে নিয়ে লাইভে এসে গৌরব জানান, তাঁদের ব্যক্তিগত জীবনে চরম অশান্তি চলছে। প্রিয়াঙ্কা অন্তঃসত্ত্বা এবং আগামী সপ্তাহেই ডেলিভারি। এই স্পর্শকাতর সময়ে বিতর্ক টেনে তাঁদের মানসিক শান্তি নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ গৌরবের। আপাতত এই ‘উত্তরের খেলা’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বিতর্কিত এই ইস্যুতে গৌরবের পাশে কিছু অনুরাগী থাকলেও, অন্তরার প্রতি সমবেদনা জানাচ্ছেন নেটিজেনদের বড় অংশ।

