উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আফ্রিকায় মর্মান্তিক দুর্ঘটনা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের (Central African Republic) পশ্চিমাঞ্চলের এক সোনার খনিতে নামল ভয়াবহ ধস (Gold Mine Collapse)। ঘটনায় প্রান হারিয়েছেন অন্তত ৩০ জন শ্রমিক। মাটির নীচে এখনও বহু শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে অবৈজ্ঞানিকভাবে তৈরি খনিটি ধসে পড়ে। উদ্ধার পাওয়া এক শ্রমিক ফ্লোরিয়ান গাগুয়েন্দে জানান, সাধারণ প্রযুক্তির মাধ্যমে খনিটি কাজ চলছিল। কিন্তু হঠাতই খনির ওপরের বিরাট অংশ হুড়মুড় করে ভেঙে পড়ে। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা মিলে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ৩০ জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ওই অঞ্চলের ডেপুটি মেয়র সুলেমান বি ঘটনার ভয়াবহতা নিশ্চিত করে জানান, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাকি আটকে থাকা মানুষদের জীবন্ত উদ্ধারের সম্ভাবনা সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ কমতে থাকলেও উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া উদ্ধারকাজের কিছু করুণ দৃশ্যে দেখা গিয়েছে, কাদা-মাটিতে মাখামাখি একদল তরুণ-তরুণী জীবনের ঝুঁকি নিয়ে গর্তের ভেতর থেকে সহকর্মীদের নিথর দেহ টেনে বের করছেন। চারপাশে স্বজনহারানো ও আটকে থাকা মানুষদের বাঁচানোর করুণ আর্তনাদ এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি করেছে। সে দেশের সরকারি মুখপাত্র এভারিস্ট নাগামানা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ত্রাণ পৌঁছানোর আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে পর্যাপ্ত সুরক্ষাবিধি মেনে খনি খোদাই করা হয় না। হাজার হাজার মানুষ কোনও আধুনিক সরঞ্জাম ছাড়াই জীবিকার তাগিদে এই ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত থাকেন, যার ফলে সেখানে ঘনঘন এমন মারাত্মক দুর্ঘটনা ঘটে চলেছে।

