নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলের আগুনে চলে গেল ৯টি তরতাজা প্রাণ। জখম হয়ে হাসপাতালে ভর্তি। ওই ‘মৃত্যুপুরী’তে ঢুকে দেখা গেল ছত্রে ছত্রে অব্যবস্থা। পাঁচতলা ওই বহুতলের প্রত্যেকটি তলাতেই কার্যত ভয়াবহ পরিস্থিতি। প্রশাসন ও পুরসভার কোন কোন নিয়ম মানা হয়েছে? সেই নিয়েও উঠেছে প্রশ্ন। সব থেকে বড় কথা ওই বহুতলে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না!
অভিযোগ, ওই বহুতলে একাধিক হোটেল চলছিল। প্রত্যেকটি তলাতেই এক একটি হোটেল রয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই বাড়িতে সেই অর্থে কোনও বড় ঘর নেই। ঘুপচি ঘুপচি পায়রার খোপের মতো ঘরেই মানুষজন এসে থাকতেন। প্রত্যেকটি তলাতেই চলত একাধিক এসি। কোনও নিয়মকানুন মানার বালাই ছিল না বলেই অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের শাসনকালে এইসব বেনিয়ম হয়েছে। টাকার বিনিয়মে ওই বাড়ির ভিতরে এভাবে ঘর উঠেছে। কলকাতা পুরসভার বিল্ডিং প্ল্যানের কোনও নিয়মই মানা হয়নি!
মধ্যরাতে মির্জা গালিব স্ট্রিটের ওই বহুতলে আগুন লাগে। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। হোটেলের ভিতর কালো ধোঁয়ায় ঢেকে যায়। সেসময় আবাসিকরা ঘুমাচ্ছিলেন। আগুন লেগেছে বুঝতে পেরে আতঙ্ক ছড়ায়। প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু হলেও অনেকেই বাইরে বেরনোর বিকল্প রাস্তাও খুঁজে পাননি বলে অভিযোগ। আগুন লাগার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে দমকলকর্মীরা গিয়ে আগুন নেভানো ও উদ্ধারকাজ করে। ততক্ষণে চলে গিয়েছে একাধিক প্রাণ।
