উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নূপুরের আওয়াজ, অশরীরীর কান্না আর খিলখিল হাসির শব্দ! আর তাতেই দানা বেঁধেছে অলৌকিক ও ভূতের গুজব (Ghost Rumours)। এই আতঙ্কের জেরে মহারাষ্ট্রের অমরাবতী (Amravati) জেলার একটি সরকারি আবাসিক স্কুলের পরিবেশ থমথমে হয়ে উঠেছে। ভৌতিক আতঙ্কের কারণে হস্টেল ছেড়ে একে একে বাড়ি ফিরে গিয়েছে ৬০৮ জন পড়ুয়া। তবে চিকিৎসা বিশেষজ্ঞরা এই ঘটনাকে ভূতের তাণ্ডব নয়, বরং মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা বলে চিহ্নিত করেছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হস্টেলে থাকা কয়েকজন ছাত্রী প্রথম দাবি করে যে তারা রাতের বেলা অদ্ভুত সব শব্দ শুনতে পাচ্ছে। তাদের অভিযোগের মধ্যে ছিল পায়ের নূপুরের শব্দ, হঠাৎ করে কারো হাসার আওয়াজ কিংবা কান্নার শব্দ।
এক কান-দুই কান করে সেই কথা পুরো আবাসিক স্কুলে ছড়িয়ে পড়তেই মারাত্মক আতঙ্কের সৃষ্টি হয়। অভিভাবকরা বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি নিজেদের ছেলেমেয়েদের হস্টেল থেকে বাড়ি নিয়ে যেতে শুরু করেন।
ঘটনার গুরুত্ব বুঝে স্কুল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে আক্রান্ত ছাত্রীদের হাসপাতালে নিয়ে গিয়ে মনোরোগ বিশেষজ্ঞের (Psychiatrist) দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করায়। পড়ুয়াদের পরীক্ষার পর স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় চৌধুরী বলেন:”কয়েকজন ছাত্রী নূপুরের শব্দ এবং হাসিকান্নার আওয়াজ শোনার কথা জানিয়েছিল। আমরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই। পরীক্ষার পর চিকিৎসক স্পষ্ট জানান, এই ধরনের লক্ষণগুলো তীব্র হিস্টিরিয়া (Hysteria) বা মানসিক চাপজনিত অবস্থার সঙ্গে সম্পর্কিত।”
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর অভিষেক নাইডু সাধারণ মানুষ ও অভিভাবকদের গুজবে কান না দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন। তিনি বলেন: “এটি সম্পূর্ণভাবে একটি মানসিক স্বাস্থ্যের বিষয়। এর পেছনে অন্য কোনো অলৌকিক বা ভৌতিক ব্যাপার জড়িয়ে নেই। বিভ্রান্তি ছড়াবেন না। বাচ্চা এবং তাদের অভিভাবকদের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।”
হস্টেলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং পড়ুয়াদের মনের ভয় দূর করতে প্রশাসন বিশেষ কাউন্সেলিং-এর ব্যবস্থা করেছে। পাশাপাশি সামাজিক সংগঠন ‘মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতি’ ভয়গ্রস্ত বাচ্চাদের মন থেকে ভূতের ভয় কাটাতে এবং কুসংস্কার দূর করতে ময়দানে নেমেছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দ্রুত এই আতঙ্ক কাটিয়ে ক্লাস চালু করাই তাদের প্রধান লক্ষ্য, যাতে পড়ুয়াদের পড়াশোনার কোনো ক্ষতি না হয়।

