উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রবিবার ব্রিগেডে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ হল। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ওডিশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, এমনকি বাংলাদেশ, নেপাল থেকেও বহু মানুষ এতে যোগ দেন বলে আয়োজকদের দাবি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তথাগত রায়, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায় সহ অন্যরা উপস্থিত ছিলেন। নিজের আসন ছেড়ে মাটিতে বসে গীতাপাঠ শোনেন শুভেন্দু। দুপুর ১২টা ১৫ নাগাদ ব্রিগেডে পৌঁছান রাজ্যপাল সিভি আনন্দ বোসও। মঞ্চে বক্তব্য রাখেন তিনি।
গীতাপাঠের জন্য তিনটি মঞ্চ তৈরি করা হয়েছিল। ‘পার্থসারথি মঞ্চ’ (সেটা মূল মঞ্চ)। তার বাঁ পাশে ‘চৈতন্য মহাপ্রভু মঞ্চ’ এবং ডানদিকে ‘শঙ্করাচার্য মঞ্চ’। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয় ২৫টি গেট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্তরা যোগ দেন। আরতির পর সকাল সাড়ে ১০ নাগাদ শুরু হয় বেদ ও গীতাপাঠ। তা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে।
অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রবিবার ভোর থেকে হাওড়া স্টেশন চত্বরে মানুষের ঢল নামে। গীতাপাঠের আয়োজক ‘সনাতন সংস্কৃতি সংসদ’-এর পক্ষ থেকে হাওড়ায় দু’টি সহায়ক ক্যাম্প খোলা হয়। অনেকেই জানালেন, শান্তি, সাম্য ও ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই তাঁরা গীতাপাঠে যোগ দিয়েছেন। গত বছর লোকসভা ভোটের আগে ব্রিগেডে হয়েছিল ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’। কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এবার হল ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’। যদিও সুকান্ত বলেছেন, ‘নির্বাচনের সঙ্গে গীতাপাঠের কোনও সম্পর্ক নেই।’
