উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘মেরি দেশ কি ধরতি’ গানটির প্রাণ প্রতিষ্ঠা যেন তাঁর ঠোটেই। দেশাত্মবোধক সিনেমায় তাঁর অভিনয় সর্বদা অমর হয়ে থাকবে আপামর দেশবাসীর মনে। কিন্তু নশ্বর এই দেহের মৃত্যু যে অবশ্যম্ভাবী। আর কালের সেই অমোঘ নিয়মেই প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। শুক্রবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে মৃত্যু হয় অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এই বিষয়ে পরিচালক অশোক পণ্ডিত বলেন, ‘আমরা ওনার সঙ্গে যোগাযোগ রাখতাম। খুব প্রাণোচ্ছল একজন মানুষ ছিলেন। বলিউডে ওনার অভাব অনুভূত হবে।’ ১৯৩৭ সালে পঞ্জাবি ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় প্রবাদপ্রতীম এই অভিনেতার। ১৯৫৭ সালে তিনি পা রাখেন বলিউডে। ‘পুরব পশ্চিম’, ‘রোটি কাপড়া আউর মকান’, ‘ক্রান্তি’-র মতো ছবিতে তাঁর অভিনয় দাগ কেটে গিয়েছিল দর্শকদের মনে।
অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। তাঁর পরিচালিত অন্যতম সিনেমাগুলির মধ্যে রয়েছে,‘দো বদন’, ‘পাত্থর কে সনম’, ‘নীল কমল’ প্রভৃতি। কর্মক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য ১৯৯২ সালে পদ্মশ্রী পুরস্কার পান তিনি। ২০১৫ সালে তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়।
