গাজোল: রবিবার সকালে গাজোল-১ গ্রাম পঞ্চায়েতের হরিদাস গ্রামে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। মৃত বৃদ্ধের নাম বিনয় বর্মন (৬৬)। পরিবারের সদস্য এবং গ্রামবাসীদের অভিযোগ, এসআইআর (SIR)-এর জেরে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় চরম আতঙ্কে ও মানসিক অবসাদ থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন (Gazole Voter Listing Difficulty)।
মৃতের আত্মীয় গীতা বর্মনের দাবি, বিনয় বাবু ও তাঁর স্ত্রী সরকারি খাস জমিতে থাকতেন। রিকশা চালিয়ে ও বৃদ্ধ ভাতার টাকাতেই কোনোমতে তাঁদের সংসার চলত। তিনি অভিযোগ করেন, এলাকার কিছু লোক তাঁকে আতঙ্কিত করেছিল যে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় তাঁর রেশন কার্ড কেড়ে নেওয়া হবে, সরকারি জমি থেকে উচ্ছেদ করা হবে এবং শেষপর্যন্ত তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই চরম আতঙ্কে বেশ কিছুদিন ধরেই বিনয় বাবু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
স্থানীয় বাসিন্দা সনাতন লোহার জানান, রবিবার ভোরেও তিনি বিনয় বাবুকে জল নিতে দেখেছিলেন। এরপর তাঁর স্ত্রী কাজে বেরিয়ে গেলে বাড়িতে তিনি একাই ছিলেন। সেই সুযোগেই বাড়ি থেকে সামান্য দূরে একটি আম গাছে গামছার ফাঁস লাগিয়ে তিনি আত্মঘাতী হন। খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে প্রথমে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ এবং আত্মহত্যার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়টি এবং তার প্রভাব নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। বৃদ্ধের আকস্মিক মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

