গাজোল: মালদার গাজোল থানার পুলিশের বড় সাফল্য। ফিল্মি কায়দায় ধাওয়া করে বিপুল পরিমাণ নগদ টাকা (Money recovered) ও ব্রাউন সুগার (Brown Sugar seized) সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গিয়েছে এক দুষ্কৃতীর। ঘটনাটিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে গাজোলের (Gazole) রাঙ্গাভিটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সিদ্ধার্থ মণ্ডল (২৬), বাড়ি বৈষ্ণবনগর থানার বীরনগর সরকারটোলা গ্রামে এবং কিশোর মণ্ডল (২৭), বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর গ্রামে। ধৃতদের কাছ থেকে চল্লিশ লক্ষেরও বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে দু’টি প্যাকেট থেকে সাড়ে ৫০০ গ্রামেরও বেশি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ভোরবেলা। গোপন খবরের ভিত্তিতে কদুবাড়ি মোড়ে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সকাল সাড়ে ছ’টা নাগাদ রায়গঞ্জের দিক থেকে আসা দুটি বাইককে থামার সংকেত দিলে তারা না থেমে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ তৎক্ষণাৎ তাদের পিছু ধাওয়া করে। কিছু দূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক পড়ে যায় এবং চালকের মাথা ফেটে যায়। অপর বাইকটিকে রাঙ্গাভিটা এলাকায় ধরে ফেলে পুলিশ। তাদের থেকে দু’টি বাইক আটক করা হয়েছে।
পরবর্তীকালে রাঙ্গাভিটা কুন্ডু পাড়া এলাকায় রাস্তার ধারে ত্রিপল বিছিয়ে পুলিশ টাকা গোনার কাজ শুরু করে। নোট গোনার মেশিনের সাহায্যে জানা যায়, ৫০০, ২০০ ও ১০০ টাকার বান্ডিলে মোট ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সকালে প্রকাশ্যে এই বিশাল অঙ্কের টাকা গোনার দৃশ্য দেখতে ভিড় জমান বহু স্থানীয় বাসিন্দা। টাকার পাশাপাশি দুষ্কৃতীদের কাছ থেকে সাড়ে পাঁচশো গ্রামেরও বেশি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। দু’টি প্যাকেটের একটিতে ৩০৬ গ্রাম এবং অন্যটিতে ২৬৫ গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছে (মোট ৫৭১ গ্রাম)।
ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এদিনই মালদা জেলা আদালতে পাঠানো হচ্ছে। ঘটনার নেপথ্যে কোনও বড় মাদক বা টাকা পাচার চক্র যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশি হেপাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

