Gautam Deb | স্নাতকোত্তর হতে চান গৌতম, পড়ছেন আইনের বইও

Gautam Deb | স্নাতকোত্তর হতে চান গৌতম, পড়ছেন আইনের বইও

খেলাধুলা/SPORTS
Spread the love


নিতাই সাহা, শিলিগুড়ি: জীবনের ৬৯টি বসন্ত পেরিয়ে প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Gautam Deb) এবার দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন। সংসদীয় রাজনীতি থেকে চিরবিদায় নেওয়ার পর এবার তিনি ফের পেশাগত জীবনে ফিরতে চাইছেন। শুধু পেশা নয়, অসম্পূর্ণ উচ্চশিক্ষার স্বপ্ন পূরণেও তিনি বদ্ধপরিকর। রাজনীতির চেনা আঙিনা ছেড়ে এখন তাঁর নয়া গন্তব্য হতে চলেছে মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গন। বাংলা অথবা ইংরেজি বিষয় নিয়ে স্নাতকোত্তরের প্রস্তুতিও নিতে চলেছেন।

অন্যদিকে, বাড়িতে বসে বই লেখার প্রাথমিক কাজও শুরু করে দিয়েছেন। সময় করে বাড়িতে বসেই ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে সমস্ত ঘটনা লিিপবদ্ধ করছেন। পরবর্তীতে তা প্রকাশনা সংস্থার কাছে পাঠানো হবে। সেই বইয়ের প্রতিটি পাতায় তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের চড়াই-উতরাইয়ের গল্প ফুটে উঠবে।

ইংরেজিতে অনার্স নিয়ে শিলিগুড়ি কলেজে পড়াশোনা চলাকালীনই গৌতম দেব রাজনীতির আঙিনায় পা রাখেন। কংগ্রেসের পতাকা হাতে তাঁর রাজনৈতিক জীবনের পথ চলা শুরু হয়। পরবর্তী সময়ে তিনি তৃণমূলের প্রভাবশালী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী থেকে শুরু করে পর্যটন দপ্তরের মন্ত্রী হিসেবে কাজ করেছেন। সেইসঙ্গে শিলিগুড়ি পুরনিগমের মেয়র হিসেবেও দায়িত্ব সামলেছেন। তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর তিনি সংসদীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা স্পষ্ট করেছিলেন। ভোটে ভরাডুবির পর তাতে সিলমোহরও দেন। দলের সঙ্গে অবশ্য সম্পর্ক ছিন্ন করেননি। বর্তমান সময়ে তিনি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস (সমতল)-র চেয়ারম্যান পদে রয়েছেন। নিয়ম করে যোগ দিচ্ছেন দলীয় মিটিং-মিছিলে। পাশাপাশি পেশাগত জীবনে ফেরার প্রস্তুতি হিসেবে সময় করে বাড়িতে সকাল-সন্ধ্যা আইনের বই নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

ছাত্রাবস্থায় শিলিগুড়ি কলেজের পাট চুকিয়ে গৌতম কিছুদিনের জন্য কলকাতায় পাড়ি দেন। সেখানে সুরেন্দ্রনাথ কলেজ থেকে এলএলবি করে শহরে ফেরেন। এখানে আইনজীবী স্বদেশরঞ্জন সরকারের অধীনে প্র্যাকটিস শুরু করেন। একসময় তিনি অ্যাডিশনাল স্ট্যান্ডিং কাউন্সিল অ্যান্ড পাবলিক প্রসিকিউটর পদের দায়িত্বও সামলেছেন। তবে রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ায় কর্মজীবন খুব একটা দীর্ঘ হয়নি।

২০১১ সালে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পরই স্টেট বার কাউন্সিলের কাছে চিঠি দিয়ে তাঁর এনরোলমেন্ট সাপপেন্ডের কথা জানিয়েছিলেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে পরাস্ত হতেই পুনরায় চিঠি দিয়ে ‘রাইট টু প্র্যাকটিস’ চালুর আবেদন জানিয়েছিলেন। তবে সেসময় অবশ্য পেশায় ফেরেননি।

সংসদীয় রাজনীতি থেকে বিদায় নিয়ে অবসরজীবন কাটাতে রাজি নন গৌতম। পুনরায় কালো কোট গায়ে জড়িয়ে আদালত চত্বরে পা রাখতে চান। অগাস্ট মাসের প্রথম সপ্তাহেই তিনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাবেন। সেখানে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যপদের জন্য আবেদন জানাবেন বলে খবর। শুক্রবার বাড়িতে বসে একান্ত আলাপচারিতায় গৌতম বলেন, ‘অনেকদিন আদালত চত্বরে পা রাখা হয়নি। ফলে অনভ্যাস কাটাতে লয়ার্স ফার্মের সঙ্গে যুক্ত হব। দিনকয়েক সেই ফার্মের তত্ত্বাবধানে আদালতে যাব। সওয়াল-জবাব আত্মস্থ করার চেষ্টা করব। এরপরই ফের একবার আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করব।’

একসময়ের আইনজীবী গৌতম দেবের বাড়িতে এখনও কালো কোট ও গাউন সুন্দর করে সাজিয়ে রাখা আছে। তবে বিশেষ প্রয়োজনে নতুন করে কালো কোট বানাতে পারেন। গৌতম বললেন, ‘দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাকে পেশায় ফেরার পরামর্শ দিয়েছেন। আমার বন্ধুরা একই কথা বলছেন। এই পরিস্থিতিতে আমিও প্রস্তুতি নিতে শুরু করেছি। বাড়িতে বসে আইনের বই পড়ছি। শীঘ্র একজন আইনজীবী হিসেবে কর্মজীবনে ফিরব। দলের বিভিন্ন মামলাগুলি নিয়েও কাজ করব।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *