উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ভারতীয় শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) এবং তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধে আনা সমস্ত ফৌজদারি বা ক্রিমিনাল চার্জ পাকাপাকিভাবে তুলে নিল মার্কিন বিচার বিভাগ (US Division of Justice)। নিউ ইয়র্কের আদালতে চলা হাই-প্রোফাইল সিকিউরিটিজ এবং ওয়্যার ফ্রড (প্রতারণা) মামলার এই নাটকীয় অবসানের পর আদানি গোষ্ঠীর ওপর থেকে আমেরিকার আইনি মেঘ পুরোপুরি কেটে গেল। মার্কিন সরকারি প্রসিকিউটররা আদালতে স্পষ্ট জানিয়েছেন, আদানির বিরুদ্ধে আনা এই সমস্ত অভিযোগের সপক্ষে পর্যাপ্ত প্রমাণ মেলেনি।
আমেরিকার বিচার বিভাগের এই সিদ্ধান্তের পর গত দু’দিনে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে চলা মার্কিন নিয়ামক সংস্থা ও সমস্ত আইনি তদন্ত সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। উল্লেখ্য, ভারতের সোলার এনার্জি বা সৌরবিদ্যুৎ প্রকল্পের বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগে একটি দেওয়ানি মামলা দায়ের হয়েছিল। গত সপ্তাহে সেই মামলারও নিষ্পত্তি হয়। আদালতের নথি অনুযায়ী, কোনো দোষ স্বীকার বা অস্বীকার না করেই গৌতম আদানি ৬ মিলিয়ন মার্কিন ডলার এবং সাগর আদানি ১২ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দিতে রাজি হন।
এর পাশাপাশি, ইরান থেকে এলপিজি (LPG) আমদানির ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের একটি অভিযোগ উঠেছিল আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের ‘অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ (OFAC) সেই অভিযোগেরও নিষ্পত্তি করেছে। এই তদন্তে আদানি গোষ্ঠী মার্কিন প্রশাসনের সাথে “ব্যাপক সহযোগিতা” এবং “স্বতঃস্ফূর্ত” তথ্য প্রকাশের নীতি গ্রহণ করে এবং ২৭৫ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দিতে সম্মত হয়।
অবশেষে, নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের মার্কিন প্রসিকিউটররা ফৌজদারি মামলার সমস্ত ধারা প্রত্যাহার করে নেওয়ায় আমেরিকার মাটিতে আদানি ও তাঁর ভাইপো সম্পূর্ণ অভিযোগমুক্ত হলেন। বিশ্ব বাজারে এই খবরের পর আদানি গোষ্ঠীর শেয়ারে বড়সড় উত্থান আসবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
