রতুয়া: গঙ্গার ভয়াবহ ভাঙনের (Ganga Erosion) হাত থেকে রক্ষা পেল না গ্রামের একমাত্র শিবমন্দিরও (Shiva Temple)। গঙ্গার নদীগর্ভে তলিয়ে গেল (Submerged) দেড়শো বছরের পুরোনো একটি শিবমন্দিরটি। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রতুয়া-১ ব্লকের (Ratua) মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের মুলিরামটোলায়। চোখের সামনে গ্রামের প্রাচীন ও পবিত্র নিদর্শন বিলীন হতে দেখে কান্নায় ভেঙে পড়ে গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই গঙ্গার তীব্র ভাঙনের কবলে রয়েছে মুলিরামটোলা এলাকা। সম্প্রতি ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একের পর এক বসতবাড়ি ও কৃষিজমি নদীর গ্রাসে চলে যাওয়ার পর এবার তলিয়ে গেল শিবমন্দিরটি। মন্দিরটি বাঁচাতে প্রশাসনের পক্ষ থেকেও শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালানো হয়। মন্দিরের আশপাশে বালির বস্তা ফেলে প্রতিরোধ গড়ার তোড়জোড় চলে। কিন্তু গঙ্গার প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তের কাছে সমস্ত প্রশাসনিক উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
রবিবার বিকেলে আচমকাই মন্দিরের চারপাশের মাটি ধসে যেতে শুরু করে। মুহূর্তের মধ্যে মন্দিরটি হেলে পড়ে এবং তীব্র স্রোতের টানে সম্পূর্ণভাবে গঙ্গার জলে তলিয়ে যায়। স্থানীয়দের আশঙ্কা, ভাঙনের বর্তমান তীব্রতা বজায় থাকলে আগামী দিনে আরও বহু বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে চলে যেতে পারে। অবিলম্বে স্থায়ী ও কার্যকর ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করার জোরালো দাবি জানিয়েছেন আতঙ্কিত গ্রামবাসী।

