উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ দেড় দশকের প্রতীক্ষার অবসান। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকেই সিপিএমের দলীয় মুখপত্র ‘গণশক্তি’র (Ganashakti) সরকারি বিজ্ঞাপন বন্ধ হয়ে গিয়েছিল। বিজ্ঞাপন পাওয়ার দাবিতে আলিমুদ্দিন স্ট্রিট আদালতের দ্বারস্থ হলেও গত ১৫ বছরে পরিস্থিতির বদল হয়নি। তবে শনিবার, ৯ মে রাজ্যে বিজেপি সরকারের শপথগ্রহণের দিনই বদলে গেল ছবিটা। সংবাদপত্রের প্রথম পাতায় দাপটের সঙ্গে জায়গা করে নিল রাজ্য সরকারের বিজ্ঞাপন।
আর্থিক স্বস্তি ও রাজনৈতিক বিতর্ক: দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাওয়া এই সংবাদপত্রের জন্য সরকারি বিজ্ঞাপনের এই প্রত্যাবর্তন বড়সড় স্বস্তি বলে মনে করছে আলিমুদ্দিনের একাংশ। তাঁদের মতে, সরকারি বিজ্ঞাপন পাওয়া কোনো রাজনৈতিক অনুগ্রহ নয়, বরং সংবাদপত্রের আইনি অধিকার। যদিও বাম শিবিরের একাংশের মধ্যে মোদি-শুভেন্দুর ছবি সংবলিত বিজ্ঞাপন ছাপা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে প্রবীণ নেতাদের সাফ কথা— দল আর সরকারের পার্থক্য বুঝতে হবে। মতাদর্শগত লড়াইয়ের সঙ্গে এই বাণিজ্যিক বিজ্ঞাপনের কোনো সংঘাত নেই।
মহম্মদ সেলিমের প্রতিক্রিয়া: এই প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “মমতা সরকার এসেই স্বৈরাচারী মনোভাব দেখিয়ে বিজ্ঞাপন বন্ধ করেছিলেন। লাইব্রেরিতে কোন সংবাদপত্র রাখা হবে, তার নিদান দিয়েছিলেন। আজকের বিজ্ঞাপন কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, এটাই স্বাভাবিক নিয়ম হওয়া উচিত। তবে কেন্দ্রীয় সংস্থা বা রেলের বিজ্ঞাপনে বিজেপির যে বাছবিচার করার প্রবণতা আছে, তা যেন ভবিষ্যতে না থাকে সেটা দেখতে হবে।”
