কালিয়াচক: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার হল বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার রাতে বিএসএফের আউটপোস্ট মালদা জেলার নওদা সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রগুলি। উদ্ধার করে বিএসএফের ১১৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। এই ঘটনায় কাউকেই আটক করতে পারেনি জওয়ানরা।
জানা গিয়েছে, এদিন মধ্যরাতে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা করছিল কিছু পাচারকারী। সেই সময় সীমান্তে টহল দেওয়ার সময় জওয়ানরা দেখতে পান জনাকয়েক মানুষ রাতের অন্ধকারে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছে। এতে সন্দেহ হওয়ায় সেই লোকগুলোকে আত্মসমর্পনের কথা বলেন জওয়ানরা। এরপরেই বেগতিক দেখে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় তারা। পরে সেখানে জওয়ানরা তল্লাশি শুরু করলে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। সেই ব্যাগ থেকে উদ্ধার ৩টি পিস্তল, ৬টি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড কার্তুজ।
বিএসএফের অনুমান, এই সীমান্তকে ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে আগ্নেয়াস্ত্র পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে কর্তব্যরত জওয়ানরা। পলাতক পাচারকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
