উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ফিফা বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে ফুটবলে জ্বরে কাঁপছে কেরল। রবিবার গভীর রাতে আর্জেন্টিনা বনাম স্পেনের মেগা ফাইনাল ম্যাচ দেখার জন্য খুদে ফুটবলপ্রেমী ও পড়ুয়াদের পক্ষ থেকে একাধিক অনুরোধ এসেছিল সরকারের কাছে। সেই আবহে পড়ুয়াদের সুবিধার্থে আগামী সোমবার (২০ জুলাই) রাজ্যের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করল কেরলের শিক্ষা দপ্তর।
রবিবার কেরলের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, তাদের এক্তিয়ারভুক্ত সমস্ত স্কুলের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। রাজ্যের সাধারণ শিক্ষামন্ত্রী এন শামসুদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছুটির কথা ঘোষণা করে রসিকতা করে লেখেন, “এখন খুশি তো বাচ্চারা?”।
পরবর্তী পোস্টে তিনি লেখেন, “আজ মধ্যরাতের পর ফিফা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। ফুটবলপ্রেমী পড়ুয়াদের অনুরোধের কথা বিবেচনা করে, কেরলের সাধারণ শিক্ষা দপ্তর সমস্ত স্কুলে সোমবার ছুটি ঘোষণা করেছে।’
এর আগে সিপিআই(এম) নেতা তথা কেরলের প্রাক্তন শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি রাজ্য সরকারের কাছে সোমবার স্কুল ছুটি দেওয়ার জোরালো আর্জি জানিয়েছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন, রবিবার গভীর রাতে ফাইনাল ম্যাচ শুরু হওয়ার কারণে খেলা শেষ হতে হতে সোমবার ভোর হয়ে যাবে। এর ফলে পড়ুয়াদের পক্ষে সঠিক সময়ে স্কুলে পৌঁছানো অত্যন্ত কঠিন। এই ছুটির কারণে নষ্ট হওয়া কাজের দিনটি পুষিয়ে নিতে অন্য কোনও শনিবার স্কুল খোলা রাখার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। পাশাপাশি বিরোধী জোট ইউডিএফ (UDF)-এর একাধিক নেতাও একই ধরনের ছুটির দাবি জানিয়েছিলেন।
কেরলের বর্তমান মন্ত্রীসভাতেও ফুটবল অনুরাগীর সংখ্যা কম নয়। সাধারণ শিক্ষামন্ত্রী এন. শামসুদিন, উচ্চশিক্ষামন্ত্রী রোজি এম. জন. এবং ক্রীড়ামন্ত্রী ও. জে. জেনীশ নিজেরাও ফুটবলের অন্ধ ভক্ত। বিশ্বকাপ চলাকালীন সমাজমাধ্যমে নিজেদের প্রিয় দলের সমর্থনে নিয়মিত পোস্ট করতে দেখা গিয়েছে তাঁদের।

