শিলিগুড়ি: বেতন না পেয়ে ফের বিক্ষোভে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের (NBMCH) সুপারস্পেশালিটি ব্লকের অস্থায়ী কর্মীরা (Momentary employees)। জানা গিয়েছে, এখনও জুলাই মাসের বেতন হাতে পাননি এই ব্লকের ২৭৪ জন কর্মী। এর প্রতিবাদেই মঙ্গলবার সকাল থেকে সুপারস্পেশালিটি ব্লকের বাইরে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
এদিকে, এই বিক্ষোভের প্রভাব পড়েছে রোগী পরিষেবায়। কেননা এই ব্লকের বিভিন্ন তলে বিভিন্ন বহির্বিভাগ রয়েছে। রক্ত পরীক্ষার পাশাপাশি আলট্রাসাউন্ড সহ অন্যান্য পরীক্ষা হয় এখানেই। সব জায়গায় রোগীদের সাহায্য করেন এই অস্থায়ী কর্মীরাই। কিন্তু তাঁরা আন্দোলন শুরু করায় রোগী পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ।
আন্দোলনকারীদের নেত্রী প্রতিমা চক্রবর্তী বলেন, ‘প্রতি মাসে বেতন নিয়ে সমস্যা হচ্ছে। ১০ তারিখের মধ্যে বেতন হওয়ার কথা থাকলেও ১৮-২০ তারিখে এসেও আমরা আগের মাসের মাইনে পাচ্ছি না। কর্মীরা এসব কতদিন বরদাস্ত করবে? প্রত্যেকেরই তো সংসার আছে।’ এপ্রসঙ্গে মেডিকেল সুপার ডা: সঞ্জয় মল্লিক বলেন, ‘বিষয়টি নিয়ে স্বাস্থ্যভবনে কথা বলব।’
