উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ফুটবল যে অনিশ্চয়তার খেলা, বুধবার রাতে সিয়াটেলের লুমেন ফিল্ড স্টেডিয়াম তার সাক্ষী থাকল। বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিল বেলজিয়াম। ১২৫ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করে বেলজিয়ামের ত্রাতা হয়ে উঠলেন ইউরি তিলেমান্স।
ম্যাচের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিল সেনেগাল। ২৪ মিনিটে হাবিব দিয়ারার গোলে লিড নেয় তারা। এরপর বিরতির পর ৫২ মিনিটে ইসমাইলা সার ব্যবধান দ্বিগুণ করলে সেনেগালের জয় কার্যত নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু বেলজিয়ামের অদম্য লড়াই শুরু হয় ম্যাচের শেষলগ্নে। ৮৬ মিনিটে রোমেলু লুকাকু এবং ৮৯ মিনিটে তিলেমান্সের গোলে ম্যাচে সমতা ফেরায় বেলজিয়াম। অতিরিক্ত সময়ে গড়ানো উত্তেজনাকর ম্যাচের ১২৫ মিনিটে তিলেমান্সকে বক্সের ভেতর ফাউল করেন লামিনে কামারা। ভিএআর (VAR) প্রযুক্তির সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি, যা থেকে জয় নিশ্চিত করেন তিলেমান্স।
এই জয়ে শেষ ষোলোয় পৌঁছে গেল বেলজিয়াম। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ আমেরিকা, যারা বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে।

