FIFA World Cup 2026 | ‘আরও উন্নতি দরকার’, সেমিফাইনালে উঠেও সতর্ক স্কালোনি

FIFA World Cup 2026 | ‘আরও উন্নতি দরকার’, সেমিফাইনালে উঠেও সতর্ক স্কালোনি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে কঠিন কোয়ার্টার ফাইনাল জিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেও সতর্ক আর্জেন্টিনা শিবিরের কোচ লিয়োনেল স্কালোনি। ১০ জনের সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ১২০ মিনিটের কঠিন লড়াইয়ের পর স্কালোনি মেনে নিয়েছেন যে, বিশ্বকাপ ধরে রাখতে হলে লিয়োনেল মেসিদের খেলায় আরও উন্নতির প্রয়োজন রয়েছে। সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ড। তবে এই হাইভোল্টেজ ম্যাচটিকেও আর পাঁচটা সাধারণ ফুটবল ম্যাচের মতোই দেখছেন তিনি।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা তুলনামূলক সহজ সূচির সুবিধা পেয়েছে বলে যে সমালোচনা হচ্ছিল, তার জবাব মাঠেই মিলেছে বলে মনে করেন কোচ। স্কালোনি বলেন, ‘‘সুইৎজারল্যান্ড শারীরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী দল, তারা আমাদের কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল। তবে ওদের এক জন ফুটবলার কম হওয়ার পর আমরা অনেক বেশি আক্রমণ তৈরি করতে পেরেছি।’’ তিনি বাস্তব স্বীকার করে স্পষ্ট জানান, সেমিফাইনালের আগে দলের বেশ কিছু জায়গায় পারফরম্যান্স বিশ্লেষণ করে উন্নতি করা প্রয়োজন। কারণ ম্যাচটিতে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে আর্জেন্টিনা সমস্যায় পড়েছিল এবং পর পর পাঁচ-ছ’টি পাস খেলতেও অসুবিধা হচ্ছিল।

কঠিন চাপ সামলে মেসিরা যেভাবে জয় ছিনিয়ে এনেছেন, তাতে স্বস্তিতে কোচ। স্কালোনি বলেন, ‘‘লড়াই আমাদের রক্তে ও ডিএনএ-তে রয়েছে। কাতারের তুলনায় এখন দলের সকলেই অনেক বেশি অভিজ্ঞ। চাপের মুখে এখন আমরা মাথা ঠান্ডা রাখতে পারি।’’ তিনি জয়ের সম্পূর্ণ কৃতিত্ব ফুটবলারদের ঐক্যবদ্ধ লড়াইকে দিয়েছেন।

পাশাপাশি অতিরিক্ত সময়ে গোল করে দলকে স্বস্তি দেওয়া ম্যাক অ্যালিস্টারেরও প্রশংসা করেন তিনি। স্কালোনি জানান, বেঞ্চের ফুটবলারদের খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এবং টাইব্রেকারে না গিয়ে ম্যাচ জেতার উচ্চাকাঙ্ক্ষাই এই জয়ের চাবিকাঠি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নিয়ে তাঁর সাফ বার্তা, ‘‘এটিও আর একটি ফুটবল ম্যাচ। আমরা সর্বস্ব দিয়ে লড়াই করব।’’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *