উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান! বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে এক বর্ণিল ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ২০২৬ ফিফা বিশ্বকাপ (FIFA World Cup)। ফুটবলের এই মহাযজ্ঞের সূচনা ঘিরে বিশ্বজুড়ে এখন বাঁধভাঙা উন্মাদনা।
উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল সংগীত ও সংস্কৃতির এক অনবদ্য মেলবন্ধন। গ্লোবাল আইকন শাকিরার কণ্ঠের জাদু আর পপ তারকা বার্না বয়ের প্রাণবন্ত পরিবেশনা স্টেডিয়ামের উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। নাচ, গান এবং আলোকসজ্জার এক অভূতপূর্ব প্রদর্শনীতে বিশ্বকাপের মঞ্চ এদিন হয়ে উঠেছিল বর্ণিল।
উদ্বোধনের অনেক আগে থেকেই স্টেডিয়াম এলাকায় ফুটবলপ্রেমীদের ঢল নামে। স্থানীয় সময় ৭টা থেকেই অ্যাজটেকা স্টেডিয়ামের বাইরে তৈরি হয় হাজারো দর্শকের দীর্ঘ সারি। তবে শুধু টিকিটধারী সমর্থকই নয়, বিশ্বকাপের এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে বহু মানুষ টিকিট ছাড়াই ভিড় জমিয়েছিলেন। অনেকে এসেছিলেন নিজেদের দেশের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে, যা উদ্বোধনের আগে স্টেডিয়াম প্রাঙ্গণকে এক মিলনমেলায় পরিণত করেছিল।
যত সময় গড়িয়েছে, ভিড় ততই বেড়েছে। বিশ্বকাপের আমেজ গায়ে মাখতে এবং ফুটবল উৎসবের অংশ হতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন। মাঠে ফুটবলারদের লড়াই শুরুর আগে মাঠের বাইরের এই জনসমুদ্রই যেন বুঝিয়ে দিল—বিশ্বকাপ মানেই কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং এটি কোটি কোটি মানুষের আবেগ ও উদ্দীপনার নাম।
