Faux Physician | ডাক্তারের বদলে অ্যাম্বুল্যান্স চালকের হাতে সুচ-সুতো! কিশনগঞ্জের নার্সিংহোমে চিকিৎসার নামে প্রহসন  

Faux Physician | ডাক্তারের বদলে অ্যাম্বুল্যান্স চালকের হাতে সুচ-সুতো! কিশনগঞ্জের নার্সিংহোমে চিকিৎসার নামে প্রহসন  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কিশনগঞ্জ: চিকিৎসকের বদলে রোগীর ক্ষতস্থানে সেলাই দিচ্ছেন নার্সিংহোমের অ্যাম্বুল্যান্স চালক (Faux Physician)! বিহারের কিশনগঞ্জ (Kishanganj) শহরের একটি নার্সিংহোমের এমনই এক শিউরে ওঠা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত চালক মহম্মদ আসলাম আলম নিজেকে ভুয়ো সার্জন (Ambulance Driver Surgeon) পরিচয় দিয়ে রোগীদের অস্ত্রোপচার ও চিকিৎসা করেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসতেই কড়া তদন্তের নির্দেশ দিয়েছেন কিশনগঞ্জের জেলাশাসক বিশাল রাজ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে (যার সত্যতা উত্তরবঙ্গ সংবাদ যাচাই করেনি), দুর্ঘটনায় আহত এক ব্যক্তির হাঁটুর ক্ষতস্থানে সুচ-সুতো দিয়ে সেলাই করছেন আসলাম আলম। সূত্র মারফত জানা গিয়েছে, আসলাম ওই নার্সিংহোমেরই অ্যাম্বুল্যান্স চালক ছিলেন, পরে তিনি নার্সিংহোমের অন্যতম সঞ্চালক হয়ে বসেন। তাঁর কোনও প্যারামেডিক্যাল বা কম্পাউন্ডারি ডিগ্রি তো দূর, নূন্যতম ডাক্তারি জ্ঞানও নেই। অথচ কোনও বৈধ চিকিৎসকের উপস্থিতি ছাড়াই তিনি অত্যন্ত বিপজ্জনকভাবে রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

এই ঘটনা কিশনগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চেহারাটা সামনে এনে দিয়েছে। অভিযোগ উঠেছে, জেলা সদরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ নার্সিংহোমগুলোতে চিকিৎসার নামে চলছে বড় অংকের কমিশনের খেলা। সরকারি নথি অনুযায়ী জেলায় মাত্র ১২০টি নার্সিংহোম নথিভুক্ত থাকলেও, বাস্তবে ৫০০-র বেশি পরিকাঠামোহীন নার্সিংহোম রমরমিয়ে চলছে। বিগত কয়েক মাসেই ভুল চিকিৎসায় ২০ জনেরও বেশি রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

জেলাশাসক বিশাল রাজ জানিয়েছেন, “ভিডিওটি আমি দেখেছি। জেলার সিভিল সার্জনকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” সোমবার সিভিল সার্জন ডাঃ রাজ কুমার চৌধুরী জানান, অভিযোগ অত্যন্ত গুরুতর এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সাধারণ মানুষের অভিযোগ, এর আগেও এমন ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হলেও রহস্যজনকভাবে তা ধামাচাপা পড়ে গিয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *