উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta) ভোট চলাকালীন একাধিক বুথে রিগিং ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছিল। শনিবার সকাল থেকেও দফায় দফায় উত্তপ্ত হয়েছে ফলতা। এবার যাবতীয় অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ করল পুলিশ। শনিবার রাতে ফলতা থানা এলাকা থেকে তিনজন তৃণমূলকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে (TMC employees arrested)। ধৃতদের নাম আতিবুর রহমান, হাবিব শেখ ও হাবিব মোল্লা।
পুলিশ সূত্রে খবর, এই অশান্তির ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের ঘনিষ্ঠদেরও। স্থানীয় পঞ্চায়েত প্রধান ইস্রাফুল চোকদার এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী সুজাউদ্দিন শেখের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। নির্বাচন কমিশনের কড়া নির্দেশের পর পুলিশ এই দু’জনের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করেছে। অভিযোগ উঠেছে, অশান্তির নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করেছেন এই পঞ্চায়েত প্রধান ইস্রাফুল।
উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটের দিনও ফলতার একাধিক বুথে ইভিএমের ওপর বিজেপির প্রতীকে টেপ সেঁটে দেওয়া, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ জমা পড়েছিল কমিশনে। যদিও ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের ১৫ টি বুথে শনিবার পুনর্নির্বাচন হয়েছে, তবে ফলতা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কমিশন। কমিশনের সাফ হুঁশিয়ারি, মূল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করা হলে পুলিশের বিরুদ্ধেও বিভাগীয় পদক্ষেপ নেওয়া হতে পারে। ধৃত তিনজনকে রবিবার আদালতে পেশ করে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
