করণদিঘি: প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) করণদিঘি (Karandighi) থানার বোতলবাড়ি এলাকায়। ঘটনার একটি ভিডিও (ভিডিও-র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ১৪ জুলাই বিকেলে ঘটনাটি ঘটে। কিন্তু ঘটনার পর প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেলেও, ১৬ জুলাই দুপুর পর্যন্ত অপহৃত যুবক আনোয়ারুল আলমের (২৪) কোনও খোঁজ মেলেনি। এই ঘটনায় অপহৃতের বাবা রফিকুল আলম করণদিঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আনোয়ারুল আলমের সঙ্গে কয়েক বছর আগে বিহারের কাচনা থানার কুচিডাঙি এলাকার বাসিন্দা মুশা আলীর মেয়ে রেশমা খাতুনের বিয়ে হয়। পরে রেশমা বাবার বাড়িতে চলে যান। তিনি আর শ্বশুরবাড়িতে ফিরতে রাজি হননি। এই নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা হলেও কোনও রফাসূত্র মেলেনি।
পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন দিন পনেরো আগে আনোয়ারুলের পরিবার তাঁর দ্বিতীয় বিয়ে দেন। অভিযোগ, এরপরই ক্ষোভে ফেটে পড়ে প্রথম স্ত্রীর পরিবার। গত ১৪ জুলাই বিকেলে বিহারের নম্বর প্লেট যুক্ত একটি গাড়ি নিয়ে বোতলবাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন ব্যক্তি। আনোয়ারুল তখন তাঁর স্টিল গ্রিলের দোকানে কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে বহু মানুষ উপস্থিত থাকলেও নিমেষের মধ্যে অভিযুক্তরা আনোয়ারুলকে দোকান থেকে পাঁজাকোলা করে ধরে চলন্ত গাড়ির জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়ে চম্পট দেয়। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় কেউ বাধা দেওয়ার সুযোগ পাননি। ঘটনার ভিডিও ভাইরাল হতেই এলাকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। করণদিঘি থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

