উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিএএতে আবেদন করলে সেই আবেদন পত্র এসআইআরের ক্ষেত্রে নথি হিসেবে গ্রাহ্য হবে না। কলকাতা হাইকোর্টে এমনই দাবি করে করা জনস্বার্থ মামলা খারিচ করে দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের বেঞ্চ। এদিন শুনানিতে কেন্দ্র জানায়, এই মামলার সঙ্গে যারা যুক্ত তাঁদের আবেদন আগামী দশ দিনের মধ্যে বিবেচনা করা হবে। তবে শেষ পর্যন্ত মামলাই খারিজ করে দেন বিচারপতিরা। ডিভিশন বেঞ্চের বক্তব্য, এই মামলায় সকলকে এক সঙ্গে কোন নির্দেশ দেওয়া যায় না। আলাদা আলাদা আবেদন বিবেচনা করা যায়। তাই সবাইকে এক নির্দেশ দেওয়ার পক্ষে আদালত নয়।
উল্লেখ্য, এসআইআর চালু হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়েছে। বিভিন্ন দেশ থেকে ধর্মীয় কারণে আসা সংখ্যালঘুরা ভারতে এসে নাগরিকত্বের আবেদন জানাতে পারেন বলে আইনে বলা আছে। এই পরিস্থিতিতে অনেকেরই ভরসা সিএএ আইন। দেশজুড়ে সিএএতে এই মুহূর্তে ৫০হাজার আবেদন জমা পড়েছে। কিন্তু আবেদনের প্রেক্ষিতে নিজের অবস্থান জানায়নি কেন্দ্র। তারা আদৌ এসআইআরের মাধ্যমে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাবেন কিনা সেই প্রশ্ন উঠছিল। একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করতে মামলা করা হয়।
সোমবারের শুনানিতে স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব আশ্বাস দেন, মামলার সঙ্গে যুক্ত আবেদনকারীদের আবেদন ১০ দিনের মধ্যে বিবেচনা করতে হবে। বাংলা বাদে দেশের বাকি আবেদনকারীদের ক্ষেত্রে যে এই সিদ্ধান্ত প্রযোজ্য নয়, সেটাও জানিয়ে দেওয়া হয়। মামলাকারীর পক্ষে আইনজীবী দাবি করেছিলেন, কেন্দ্র বিবেচনা করে হয় অনুমতি দিক, না হয় বাতিল করুক। অন্তত সিদ্ধান্ত নেওয়া হোক।
