উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০৭টি আসন পেয়ে রাজ্যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সেই ফলাফল মানতে নারাজ তৃণমূল কংগ্রেস (EVM Tampering Allegation)। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে দাবি করেছেন, “তৃণমূল হারেনি, ষড়যন্ত্র করে হারানো হয়েছে।”
অভিষেকের তোলা মূল অভিযোগগুলি:
- ইভিএম বদল: তাঁর দাবি, গণনা কেন্দ্রে ইভিএমে কারচুপি নয়, বরং ইভিএম বদলে দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে তিনি জানান, কল্যাণী ও মেমারি থেকে এমন অন্তত ১০টি ইভিএম পাওয়া গিয়েছে যেগুলোর ১৭/সি ফর্ম অনুযায়ী সিরিয়াল নম্বর মেলেনি।
- গণনায় অস্বচ্ছতা: অভিষেকের অভিযোগ, দুপুর দুটোর পর গণনাকেন্দ্র থেকে এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে। যেখানে দুটোর মধ্যে ৯০ শতাংশ গণনা শেষ হওয়ার কথা, সেখানে মাত্র ১০-১৫ শতাংশ গণনা দেখিয়ে মিডিয়ার সাহায্যে বিজেপি প্রার্থীদের এগিয়ে থাকা প্রচার করা হয়েছে।
- কেন্দ্রীয় কর্মীদের ব্যবহার: সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্য সরকারি কর্মীদের গণনার কাজে রাখা হয়নি। রিটার্নিং অফিসার থেকে মাইক্রো অবজারভার— প্রত্যেকেই কমিশনের পছন্দসই কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন বলে তাঁর দাবি।
- ভোটার ম্যানিপুলেশন: পরাজয়ের গাণিতিক ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, বিজেপির সঙ্গে ভোটের পার্থক্য ৩২ লক্ষ। অথচ নির্বাচনের আগে এসআইআর-এর (SIR) নামে ৩০ লক্ষ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং আরও ১০-১৫ লক্ষ ভোটার ম্যানিপুলেট করা হয়েছে।
১৫ বছরের শাসনের অবসানের পর তৃণমূলের এই ‘ভোট লুটের’ অভিযোগ রাজ্যের রাজনৈতিক উত্তাপকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
