Erling Haaland | চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়লেন হালান্ড, নাপোলিকে হারাল ম্যান সিটি

Erling Haaland | চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়লেন হালান্ড, নাপোলিকে হারাল ম্যান সিটি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এক অসাধারণ রেকর্ড গড়লেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড (Erling Haaland)। পাশাপাশি এদিন তাঁর দুর্দান্ত পারফরম্যান্স এবং গোলের সুবাদে পেপ গার্দিওলার দল ১০ জনের নাপোলিকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল। এদিন এতিহাদ স্টেডিয়ামে খেলার ৫৬তম মিনিটে ফিল ফোডেনের নিখুঁত পাস থেকে দারুণ হেডে গোল করে হালান্ড চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্রুততম খেলোয়াড় হিসেবে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন। ইউরোপের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় এটি ছিল তাঁর ৪৯তম ম্যাচ। এর আগে, ২০০৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন স্ট্রাইকার রুড ভ্যান নিস্টেলরয় ৬২ ম্যাচে ৫০ গোলের রেকর্ড গড়েছিলেন, যা এদিন ভেঙে দিলেন হালান্ড। খেলার ৬৫তম মিনিটে জেরেমি ডোকু দ্বিতীয় গোলটি করেন। দ্রুত গতিতে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক ভানজা মিলিনকোভিচ-সাভিচের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান তিনি।

তবে এদিন ম্যাচের ২১তম মিনিটেই নাপোলি কঠিন পরিস্থিতিতে পড়ে যায়, যখন দলের অধিনায়ক জিওভানি ডি লরেনজো হালান্ডকে ট্যাকল করতে গিয়ে সরাসরি লাল কার্ড দেখেন। এরপর নাপোলি প্রাণপণ চেষ্টা করে ডিফেন্স সামলাতে। নাপোলির গোলরক্ষক তাঁর অসাধারণ পারফরম্যান্স দিয়ে ক্রমাগত গোল বাঁচানোর চেষ্টা করে গিয়েছেন। তবে রেকর্ড গড়ার আগে হালান্ড নিজেও গোল করার কয়েকটি সুযোগ নষ্ট করেছেন।

হালান্ডের সতীর্থ ফিল ফোডেন তাঁর রেকর্ড গড়া প্রসঙ্গে বলেন, “মনে হচ্ছে সে সব রেকর্ড ভেঙে দেবে। সে যা করছে তা অভাবনীয়। কী অসাধারণ একজন খেলোয়াড়!” প্রসঙ্গত, গত মরসুমে খুব একটা ভালো ছন্দে না থাকলেও এই মরসুমে ক্লাব ও দেশের হয়ে ৭ ম্যাচে ১২টি গোল করেছেন হালান্ড।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *