ফালাকাটাঃ লাগাতার হাতির উপদ্রব ও বন দপ্তরের উদাসীনতার অভিযোগে রবিবার উত্তাল হয়ে উঠল ফালাকাটা (Elephant Assault)। ঘরবাড়ি ভাঙচুর ও ফসলের ক্ষতির প্রতিবাদে এবং সুরক্ষার দাবিতে সকাল থেকে প্রায় সওয়া এক ঘণ্টা ফালাকাটা-মাদারিহাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ছোট শালকুমার, তালুকেরটারি ও হরিমন্দির গ্রামের বাসিন্দারা।
শনিবার রাতেও ফালাকাটার ছোট শালকুমার, তালুকেরটারি ও হরিমন্দির এলাকায় ৩-৪টি হাতির একটি দল তাণ্ডব চালায়। হাতির হামলায় ৬টি বাড়ি ভাঙচুর হয়েছে। রাতের অন্ধকারে হাতির আক্রমণ থেকে বাঁচতে গ্রামবাসীরা অনেকে বিছানার নিচে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছেন, আবার অনেকে সন্তানদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়েছেন প্রতিবেশীর বাড়িতে। রাতভর আতঙ্কে চোখ মেলতে পারেননি গ্রামবাসীরা।
হাতির উপদ্রবে অতিষ্ঠ হয়ে রবিবার সকাল পৌনে ১১টা নাগাদ পাঁচ মাইল লাগোয়া হরিমন্দিরে ফালাকাটা-মাদারিহাট রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় পুরুষ ও মহিলারা। দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধের জেরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা থানার পুলিশ। পুলিশের আশ্বাসে দুপুর ১২টা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়। এরপরই বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির মোকাবিলায় উদ্যোগী হন।
গ্রামবাসীদের অভিযোগ, মাদারিহাট রেঞ্জের দক্ষিণ খয়েরবাড়ি বিটের জঙ্গল থেকে নিয়মিত হাতির দল লোকালয়ে ঢুকে তান্ডব চালাচ্ছে। অভিযোগ, বিপদের সময় বনকর্মীদের ফোন করলেও অনেক ক্ষেত্রে তাঁরা ফোন ধরেন না বা সময়মতো পৌঁছান না। গ্রামবাসীরা স্পষ্টভাবে জানিয়েছেন, অবিলম্বে বন দপ্তরকে এলাকায় কড়া নজরদারি বাড়াতে হবে।
বন দপ্তরের আধিকারিকরা গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন যে, পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা হবে এবং ভাঙচুর হওয়া ঘরবাড়ির জন্য যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে। পুলিশের মধ্যস্থতা ও বন দপ্তরের আশ্বাসে আপাতত পরিস্থিতি স্বাভাবিক হলেও, ফালাকাটার এই গ্রামগুলিতে হাতির উপদ্রব থামানোর স্থায়ী সমাধানের অপেক্ষায় প্রহর গুনছেন আতঙ্কিত মানুষজন।

