উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল আয়ারল্যান্ড। বেলফাস্টের মাঠে আইরিশদের ৩৪ রানে জয়ের নেপথ্যে প্রধান কারিগর এক ‘ভারতীয়’ (Eire Cricketer Jay Mundra)। আয়ারল্যান্ডের হয়ে ভারতের বিরুদ্ধেই জ্বলে উঠলেন ২৯ বছর বয়সি পেসার জয় মুন্দ্রা। রাজস্থানের টঙ্ক থেকে আয়ারল্যান্ড—জয় মুন্দ্রার এই ক্রিকেটীয় সফর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
১৮২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডার যখন দিশেহারা, তখনই বিধ্বংসী মেজাজে দেখা গেল মুন্দ্রাকে। ২৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। শুরুতে সঞ্জু স্যামসনকে প্যাভিলিয়নে ফেরানোর পর, শিবম দুবের বিধ্বংসী ইনিংসের মাঝপথে তাঁকেও আউট করেন এই পেসার। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে একাই চাপে ফেলে দেন তিনি।
জয় মুন্দ্রার ক্রিকেটীয় জীবন শুরু হয়েছিল রাজস্থানের এসএস ক্রিকেট ক্লাবে, তখন তিনি মূলত ব্যাটার ও স্পিনার হিসেবে খেলতেন। কিন্তু জীবন মোড় নেয় কোভিডের সময়। ইলেকট্রনিকস ও কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য তিনি পাড়ি দেন ডাবলিনে। সেখানে পড়াশোনার পাশাপাশি লেনস্টার ক্রিকেট ক্লাবের হয়ে নিয়মিত খেলতে শুরু করেন। সেখান থেকেই আয়ারল্যান্ড জাতীয় দলে ডাক পান এবং অভিষেক ম্যাচেই ভারতের বিরুদ্ধে এমন অসামান্য পারফরম্যান্স। সিমি সিংয়ের পর দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে আয়ারল্যান্ডের জার্সি গায়ে জড়ালেন তিনি। প্রসঙ্গত, তাঁর ভাই অজয় মুন্দ্রাও সুইডেনের জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেন।
ভারতের বিরুদ্ধে জয়ের পর আবেগঘন জয় মুন্দ্রা বলেন, “আমি ও আমার পরিবার এই মুহূর্তটির অপেক্ষায় ছিলাম। ভারতের বিরুদ্ধে বল করার সুযোগ এবং প্রথম বলেই উইকেট পাওয়া—সবটাই স্বপ্নের মতো। তবে নিজের ওপর নিয়ন্ত্রণ রেখেছিলাম কারণ কাজ তখনো শেষ হয়নি।” আয়ারল্যান্ডের ক্রিকেট ব্যবস্থায় সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মুন্দ্রা বলেন, “এটি কেবল আমার সফরের শুরু, ভবিষ্যতে আরও সাফল্যের জন্য আমি কঠোর পরিশ্রম করে যেতে চাই।”
ভারতের বিরুদ্ধে জয় মুন্দ্রার এই পারফরম্যান্স কেবল আইরিশ ক্রিকেটেই নয়, বিশ্বক্রিকেট মানচিত্রেও এক নতুন গল্পের জন্ম দিল।

