শুভজিৎ দত্ত, গয়েরকাটা : ‘উত্তরাধিকার’-এর স্রষ্টা সমরেশ মজুমদার তাঁর ছেলেবেলার পুজো নিয়ে একটি স্মৃতিকথায় লিখেছিলেন, ‘আমার যা সম্পদ তা হারাতে চাই না। বুকের মধ্যে তিনি থাকবেন। চোখ বন্ধ করলেই ওম পাব।’ জন্মস্থান গয়েরকাটা চা বাগানের পুজো সহ তৎকালীন অন্য পুজোগুলিকে নিয়ে ছিল তাঁর ওই স্মৃতিচারণা। ‘বাবলু’র জন্মভিটেতে আজও পুজো হয়। তবে আড়ম্বর নয়, প্রাধান্য পায় নিষ্ঠা। সমরেশের বাবা কৃষ্ণদাস মজুমদার ছিলেন গয়েরকাটা বাগানের বড়বাবু। তাঁর সময় যেমন হত, তেমনই আজও পুজোর সমস্ত দায়িত্ব বহন করেন স্টাফরা। সহযোগিতা করে বাগান কর্তৃপক্ষ। তবে শ্রমিকদের থেকে আলাদা করে কোনও চাঁদা আদায়ের রেওয়াজ নেই। পুরোনো কর্মীরা জানাচ্ছেন, সিংহবাহিনীর আরাধনা শুরু হয় ১৯৭৬ সালে। তার আগে থেকে কালীপুজো হয়ে আসছে।
