Durga Puja 2026 | রাম মন্দির থেকে রাঢ়বঙ্গের ঝলক

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন
শারদোৎসব ২০২৬

অভিজিৎ ঘোষ, সোনাপুর : এক মণ্ডপে অযোধ্যার রাম মন্দিরের(Ram Mandir) আদল। অন্যটিতে রাঢ়বঙ্গের(Rarh Bengal) গ্রামীণ জীবনের ছবি। কোথাও ধর্মীয় স্থাপত্যের অনুকরণ, কোথাও মাটির বাড়ি আর লাল মাটির জনপদের ঐতিহ্য। দুর্গাপুজোয় মণ্ডপসজ্জার এই দুই ভিন্ন ভাবনাকে সামনে রেখেই প্রস্তুতি চলছে আলিপুরদুয়ার-১ (Alipurduar) ব্লকের সাহেবপোঁতা ও মথুরা বাজারে। পুজোর আর কয়েকদিন বাকি। তাই শেষমুহূর্তের কাজে ব্যস্ত শিল্পী ও উদ্যোক্তারা।
সাহেবপোঁতা দুর্গাপুজো কমিটির এবারের ভাবনা অযোধ্যার রাম মন্দির। সাহেবপোঁতা বাজারে তৈরি হচ্ছে সেই আদলের মণ্ডপ। বাঁশের কাঠামো তৈরির পর হয়েছে কাঠের কাজ। এখন চলছে কাপড় লাগানোর প্রস্তুতি। মণ্ডপের বাইরের অংশে ফুটিয়ে তোলা হবে রাম মন্দিরের স্থাপত্যের আদল। ভিতরের সাজসজ্জায় অবশ্য থাকছে আলাদা পরিকল্পনা। গেরুয়া রঙের কাপড়ে সাজবে মণ্ডপের মূল অংশ। সঙ্গে থাকবে চোখধাঁধানো আলোকসজ্জা। মণ্ডপশিল্পীরা জানান, মণ্ডপটি প্রায় ৪০ ফুট চওড়া এবং ৬০ ফুট উঁচু। উদ্যোক্তাদের আশা, অযোধ্যায় গিয়ে যাঁদের রাম মন্দির দেখার সুযোগ হয়নি, তাঁদের কাছে এই মণ্ডপ হয়ে উঠবে সেই স্থাপত্যের এক ঝলক।
পুজো কমিটির সম্পাদক সুমিত কর্মকারের কথায়, ‘এবছর আমাদের পুজোমণ্ডপ দেখতে ভালো ভিড় হবে বলে আশা করছি। দর্শনার্থীদের মণ্ডপ পছন্দ হবে। অনেকেরই অযোধ্যা গিয়ে রাম মন্দির দর্শন করার সুযোগ হয় না। মণ্ডপে এলে ওই মন্দিরের একটা ঝলক পাবেন।’
সাহেবপোঁতায় যখন রাম মন্দিরের আদল, তখন মথুরা বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটির ভাবনায় এক টুকরো রাঢ়বঙ্গ। বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ার গ্রামীণ পরিবেশ তুলে ধরা হবে মণ্ডপে। রাঢ়বঙ্গের ঐতিহ্যবাহী মাটির বাড়ি, লাল মাটির প্রকৃতি এবং গ্রামীণ জীবনযাত্রার পরিচিত ছবি থাকবে এই থিমে। অঞ্চলের জলবায়ু ও প্রকৃতির সঙ্গে মানিয়ে গড়ে ওঠা ঘরবাড়ির গড়নও পাবে বিশেষ গুরুত্ব। মণ্ডপে ঢুকে দর্শনার্থীরা যেন রাঢ়বঙ্গের কোনও গ্রামে পৌঁছে যান, সেই আবহ তৈরির চেষ্টা করছেন উদ্যোক্তারা।
পুজো কমিটির সদস্য মৃণাল দাস বলছেন, ‘এবারের আমাদের পুজোর বাজেট প্রায় ৫ লক্ষ টাকা। সেই টাকা দিয়েই পুজোর প্রস্তুতি হবে। প্রতিবারই বিভিন্ন থিমে মণ্ডপ হয়। এবারও ৭৩তম পুজোয় মণ্ডপের বিশেষ আকর্ষণ থাকবে। প্রতিমাতে থাকছে থিমের ছোঁয়া।’
দুই মণ্ডপের দুই স্বাদ—একদিকে রাম মন্দিরের স্থাপত্য, অন্যদিকে রাঢ়বঙ্গের মাটির টান। থিমের এই বৈচিত্র্যই এবার দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে চলেছে।
ছবি ক্যাপশন: সাহেবপোঁতায় চলছে রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরির কাজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *