Durga Puja 2026 | ভূতুড়ে ট্রেন, স্টেশন ভৌতিক কাণ্ড কৃষ্ণপল্লিতে

শিক্ষা
Spread the love


গৌতম দাস, গাজোল : একসময় ভূতুড়ে স্টেশন(Haunted station) বলে পরিচিতি ছিল পুরুলিয়ার বেগুনকোদর(Begunkodor) রেলস্টেশনের। নানা ভূতুড়ে কাণ্ডের জেরে স্টেশন থাকলেও দাঁড়াত না কোনও ট্রেন। প্রায় ৪২ বছর স্টেশনটি বন্ধ ছিল। যদিও সময়ের পরিবর্তনে ২০০৯ সাল থেকে বেগুনকোদরে ট্রেন দাঁড়ায় এবং যাত্রীরা ওঠানামা করেন।
এবার পুজোয় অতীতের বেগুনকোদর রেল স্টেশনকে সামনে রেখে নানা ধরনের ভূতুড়ে কাণ্ডকারখানা উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে অগ্রণী ক্লাব পরিচালিত কৃষ্ণপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। রজতজয়ন্তী বর্ষে পুজোয় থিম ‘ভূতুড়ে স্টেশন’। পুজো(Durga puja) কমিটির তরফে তরুণকুমার মণ্ডল এবং রাজকুমার ঘোষ তুলে ধরলেন ভাবনার নানা দিক। তরুণ বললেন, ‘নতুন কিছু করার চিন্তাভাবনা থেকেই ভৌতিক স্টেশনকে বেছে নেওয়া হয়েছে। বেগুনকোদর রেল স্টেশনকে সামনে রেখে তৈরি হচ্ছে আমাদের থিম।’
জানা গিয়েছে, গরুহাট রোড থেকে কৃষ্ণপল্লিতে ঢোকার রাস্তাতেই শুরু হয়ে যাবে ভৌতিক আবহ। দর্শনার্থীরা প্রথমে প্রবেশ করবেন স্টিম ইঞ্জিন চালিত একটি ট্রেনে। ট্রেনে রয়েছে দুটি কামরা। কামরার ভেতরে লাইট অ্যান্ড সাউন্ড এফেক্ট দিয়ে ফুটিয়ে তোলা হবে ভৌতিক পরিবেশ। বিভিন্ন মডেলের পাশাপাশি থাকবে জ্যান্ত ভূত। ব্রহ্মদৈত্য, মামদো ভূত, শাকচুন্নি, পেত্নী সহ নানা ধরনের ভূত থাকবে দুই কামরায়। ট্রেনের কামরা থেকে বেরিয়ে দর্শনার্থীরা পৌঁছে যাবেন মণ্ডপে। পুজো মণ্ডপ তৈরি হচ্ছে রেল স্টেশনের প্ল্যাটফর্মের আদলে। টিকিট কাউন্টারেও থাকবে ভূত। বাচ্চাদের পাশাপাশি বড়রাও পুজো মণ্ডপে পা রেখে যেমন মজা পাবেন, তেমনই অনেকেই অতীতে ফিরে যাবেন বলে উদ্যোক্তাদের বিশ্বাস। ভাবনাচিন্তাকে সার্থক রূপ দেওয়ার কাজ করছে পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপ মা মনসা থিম ঘর। চন্দন শীল সহ আরও আটজন শিল্পী এই কাজ করছেন। মণ্ডপ এবং রেল স্টেশনের কাঠামো তৈরি করছেন মণ্ডপশিল্পী অপু দাস। বরাবরের মতো এবারও ডাকের সাজের সাবেকী প্রতিমা তৈরি করছেন কাশীনাথ পাল।
পুজো কমিটির সভাপতি জগবন্ধু রায় বলেন, ‘পুজোর বাজেট প্রায় ৪ লক্ষ ২৫ হাজার টাকা। এবারে আমাদের যা থিম, তাতে দর্শকদের ভালোই ভিড় হবে আশা করছি। পঞ্চমীর দিন পুজো মণ্ডপ উদ্বোধনের ইচ্ছে রয়েছে আমাদের। অষ্টমীর দিন বিশেষ ভোগ বিতরণ করা হবে স্থানীয় বাসিন্দা এবং পুজো মণ্ডপে আসা দর্শনার্থীদের মধ্যে।’
সব মিলিয়ে নতুন চমক দেওয়ার অপেক্ষায় রয়েছে অগ্রণী ক্লাব। বাচ্চাদের যে এই থিম মনে ধরবে, তা বলার অপেক্ষা রাখে না। চিন্তাভাবনা কতটা ফুটে ওঠে বাস্তবে, তা দেখতে মুখিয়ে রয়েছে গাজোল।

The publish Durga Puja 2026 | ভূতুড়ে ট্রেন, স্টেশন, ভৌতিক কাণ্ড কৃষ্ণপল্লিতে appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *