উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি নিয়ে চলতি বিতর্কের মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, শুল্ক বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কোনও বাণিজ্য আলোচনা হবে না।
প্রসঙ্গত, মার্কিন প্রশাসন ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করার পর মোট শুল্ক বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে। হোয়াইট হাউস বুধবার একটি নির্বাহী আদেশের মাধ্যমে এই অতিরিক্ত শুল্ক আরোপের কথা ঘোষণা করে। মার্কিন প্রশাসনের দাবি, ভারতের রুশ তেল আমদানি যুক্তরাষ্ট্রের জন্য “অস্বাভাবিক ও গুরুতর হুঁশিয়ারি” এবং এর পরিপ্রেক্ষিতেই এই জরুরি অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ২৫ শতাংশ শুল্ক ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। নতুন অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক ২১ দিন পর থেকে কার্যকর হবে এবং এটি ট্রানজিটে থাকা পণ্য ও কিছু নির্দিষ্ট ছাড়প্রাপ্ত ক্যাটাগরি বাদে সব ভারতীয় পণ্যের ওপর প্রযোজ্য হবে।
এদিকে, এই সিদ্ধান্তের কড়া জবাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি দৃঢ়কন্ঠে জানান, ভারত কোনও অর্থনৈতিক চাপের মুখে পিছু হটবে না। প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমাদের কাছে আমাদের কৃষকদের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনও কৃষক, জেলে এবং দুগ্ধ উৎপাদকদের স্বার্থে আপস করবে না। আমি জানি, এর জন্য আমাদের কঠিন মূল্য দিতে হতে পারে এবং আমি তার জন্য প্রস্তুত।”
ভারত দীর্ঘকাল ধরে তার কৃষি ও দুগ্ধ খাতের সুরক্ষায় জোর দিয়ে আসছে, কারণ এই ক্ষেত্রগুলির ওপর দেশের কোটি কোটি মানুষের জীবন-জীবিকা নির্ভর করে। এই আবহে ট্রাম্পের এই নতুন ঘোষণা যে, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে একটি বড় টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে, সে কথা বলাই বাহুল্য।
