উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই অভিবাসন নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকায় জন্মগ্রহণ করলেই আর সে দেশের নাগরিকত্ব পাবে না অভিবাসীদের সন্তানরা বলে জানিয়েছেন (Birthright Citizenship)। সেই নিয়ে একটি সরকারি আদেশনামাও জারি করেছেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই পরিকল্পনাকে আটকাতে একজোট হয়ে মামলা করেছে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন ২২টি প্রদেশ (Lawsuits)।
আমেরিকার মসনদে বসার প্রথমদিনই ট্রাম্পের হুঙ্কার, নথিবিহীন অভিবাসীদের আমেরিকায় (US) থাকতে দেওয়া হবে না। পাশাপাশি সংবিধান অনুসারে, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার নিয়মও বাতিল করবেন তিনি। এরপরই ট্রাম্পের এহেন নির্দেশের বিরোধিতা করে কলম্বিয়া ও সান ফ্রান্সিসকো সহ ২২টি প্রদেশ। বোস্টন, সিয়াটল, ম্যাসাচুসেটস ও নিউ হ্যাম্পশায়ারের আদালতে এই নির্দেশের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের দাবি, প্রেসিডেন্ট নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমেরিকার জন্মানোর পর সে দেশের নাগরিকত্ব না দেওয়ার সিদ্ধান্ত সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। তাই আদালতকে অবিলম্বে এই আদেশ কার্যকর করা বন্ধের আর্জি জানানো হয়েছে। জানা গিয়েছে, ট্রাম্পের আদেশ বহাল থাকলে তা স্বাক্ষর করার ৩০ দিনের মধ্যে কার্যকর হবে। তবে এই নির্দেশ খারিজ করার ক্ষমতা রয়েছে আমেরিকার সুপ্রিম কোর্টের।
প্রসঙ্গত, ১৮৬৮ সালে মার্কিন গৃহযুদ্ধের পরে সে দেশের সংবিধানে ১৪তম সংশোধনী গৃহীত হয়েছিল। সেখানে বলা হয়েছিল, আমেরিকায় জন্মালেই সেখানকার নাগরিকত্ব মিলবে। আর এতেই রাজি নয় ট্রাম্প। এদিকে ট্রাম্পের এই নির্দেশের জেরে বিপাকে পড়বেন সেদেশে বসবাসকারী ভারতীয়রাও। কারণ, ১ কোটি ৪০ লক্ষ অভিবাসী রয়েছে মার্কিন মুলুকে। তাঁদের মধ্যে ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয় বলে জানা গিয়েছে।
