সামসী: উচ্চ মাধ্যমিকের ফল (HS Outcome 2026) প্রকাশের পর কলেজে ভর্তির তোড়জোড় শুরু হতেই মালদার সামসী কলেজকে (Samsi School) ঘিরে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ ৫৮ বছর পার হলেও আজও এখানে বিজ্ঞান বিভাগ চালু হয়নি। ফলে স্থানীয় বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের চাঁচল বা মালদা কলেজের ওপর নির্ভর করতে হচ্ছে। সেখানে আসন সীমিত থাকায় অনেক মেধাবী ছাত্র-ছাত্রীর উচ্চশিক্ষার স্বপ্নভঙ্গের আশঙ্কা তৈরি হয়েছে।
ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে দ্রুত বিজ্ঞান বিভাগ (Science Stream) চালুর দাবিতে সরব হয়েছেন এলাকার ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকমহল। সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রী বেনজির বানু, ধীরা সৈন্যকার ও ছাত্র এহসান আলমদের বক্তব্য, আর্থিক অনটন ও যাতায়াতের সমস্যার কারণে গ্রামীণ এলাকার বহু পড়ুয়ার পক্ষে দূরে গিয়ে পড়া সম্ভব নয়। অভিভাবক রফিকুল আলমের কথায়, “বাইরে পড়ানোর খরচ চালানো সাধারণ পরিবারের পক্ষে কঠিন।”
সামসী এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে এবং গণিত শিক্ষক তারিকুল ইসলাম জানান, প্রতি বছর বহু পড়ুয়া বিজ্ঞান নিয়ে পাশ করলেও সুযোগের অভাবে থমকে যাচ্ছে। সামসী কলেজে বিজ্ঞান বিভাগ চালু হলে এলাকার শিক্ষাব্যবস্থায় বড় বদল আসবে।
কলেজের অধ্যক্ষ ডক্টর সলিল মুখার্জী বলেন, “আমাদের কলেজে বিজ্ঞান বিভাগ চালু হওয়া সময়ের দাবি। উচ্চ শিক্ষা দপ্তরে ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে। অনুমোদন মিললেই আমরা প্রস্তুত, কারণ বিজ্ঞানের জন্য আলাদা ভবন আমাদের রয়েছে।” এখন ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে রাজ্য সরকার দ্রুত এই অনুমোদন দেয় কি না, সেদিকেই তাকিয়ে সামসীবাসী।
