উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মহারাষ্ট্রের রায়গড় (Raigad) জেলার দিভেগর সৈকতে (Diveagar seaside) পিকনিকে গিয়ে ঘটে গেল এক মারাত্মক বিপর্যয়। পুণের একটি বেসরকারি কোচিং সেন্টারের ৮ জন ছাত্র সমুদ্রের জলে স্নান করতে নেমে তলিয়ে যান। দীর্ঘ তল্লাশি অভিযানের পর আটটি দেহ উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেছেন। ১৬ বছর বয়সি এই সমস্ত ছাত্রের আকস্মিক মৃত্যুতে পুণের আলন্দি সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, পুণের (Pune) আলন্দির ‘উইনার্স অ্যাকাডেমি’ (Winners Academy)-র একাদশ ও দ্বাদশ শ্রেণির ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ৬ জন শিক্ষক সহ মোট ৪৮ জনের একটি দল দিভেগরের দিঘী সাগরি এলাকায় শিক্ষা সফরে বা পিকনিকে এসেছিল।
বৃহস্পতিবার ওই শিক্ষার্থীরা দিভেগর সৈকতে সমুদ্রের জলে নামেন। জলের গভীরতা এবং স্রোতের তীব্রতা সঠিকভাবে অনুমান করতে না পেরে ৮ জন শিক্ষার্থী গভীর জলে ভেসে যান। চোখের নিমেষে এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেতেই স্থানীয় বাসিন্দারা এবং জল ক্রীড়া ব্যবসার সঙ্গে যুক্ত কর্মীরা উদ্ধারে নেমে পড়েন। দিভেগরের ‘ভাউ মারুতি সালুঙ্খে মহাকালী ওয়াটার স্পোর্টস’-এর কর্ণধার ভাউ মারুতি সালুঙ্খে এবং তাঁর টিম জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের উত্তাল জলে নেমে নিরলসভাবে তল্লাশি চালান।
খবর পেয়ে দীঘি সাগরি বোরলি পঞ্চতন থানার সহকারী পুলিশ ইনস্পেক্টর সন্তোষ আওয়াতি তাঁর দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় পুলিশ ও উদ্ধারকারী দল ৮ জন শিক্ষার্থীরই মৃতদেহ উদ্ধার করে। এরপর মৃতদেহগুলি বোরলি পঞ্চতন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
দুর্ঘটনায় নিহত ৮ জন ছাত্রের সকলেরই বয়স ১৬ বছর এবং তারা পুণের আলন্দির বাসিন্দা। মৃত ছাত্ররা হলেন— তন্ময় দত্তত্রয় ভাহিলে, সুমিত ভারত অহিরে, প্রণব রামদাস বনসোদে, কৈবল্য সতীশ ওয়াসঙ্কর, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্ডওয়ালকর এবং কৌস্তুভ সন্দীপ ডাউন্ড। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা রুজু করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

