দিনহাটা: শোকের পরিবেশের মাঝেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার দিনহাটা (Dinhata cylinder blast) ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্যাস সিলিন্ডার (Cylinder blast) ফেটে একটি সম্পূর্ণ বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে নিজের ছেলেকে নিয়ে বসবাস করেন রমা দাস। সম্প্রতি তাঁর শাশুড়ির প্রয়াণ ঘটে, এবং ঘটনার দিনই ছিল তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া। রান্নার জন্য বাড়িতে আয়োজন চলছিল। কিন্তু রান্নার উদ্দেশ্যে গ্যাস ওভেন জ্বালানোর ঠিক কিছুক্ষণের মধ্যেই আচমকা বিকট শব্দে ফেটে যায় সিলিন্ডারটি।
মুহূর্তের মধ্যে সেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ভয়ংকর রূপ ধারণ করে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে চাল ও দেওয়ালের একাংশ। মুহূর্তের মধ্যে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের লোকজন ছুটে এসে চরম আতঙ্কিত হয়ে পড়েন। বড় ধরনের কোনো প্রাণহানি এড়াতে দ্রুত স্থানীয়রা নিরাপদ দূরত্বে সরে যান।
খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ (Dinhata Police) এবং দমকল বাহিনীর একটি ইঞ্জিন। দমকলকর্মীদের দীর্ঘক্ষণের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে আগুনে ওই পরিবারের সর্বস্ব পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কীভাবে সিলিন্ডারটি ফেটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

