Dinhata | শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ অন্তঃসত্ত্বা

Dinhata | শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ অন্তঃসত্ত্বা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


দিনহাটা: এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ যেন শেষই হচ্ছে না। এবার শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন অন্তঃসত্ত্বা এক মহিলা। মঙ্গলবার দিনহাটা-১ ব্লক বিডিও অফিসে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীতে ওই মহিলাকে প্রাথমিক চিকিৎসার পর বিডিও অফিসের গাড়িতে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

দিনহাটা-১ ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ভল্কা গ্রামের বাসিন্দা লাভিল বিবি এদিন এসআইআর-এর শুনানির জন্য বিডিও অফিসে আসেন। অভিযোগ, শুনানির লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে তঁার শারীরিক অস্বস্তি বাড়তে থাকে। একসময় মাথা ঘুরে বসে পড়েন তিনি। হাত-পা ঘেমে যায়, শ্বাসকষ্ট শুরু হয়। ওই মহিলা অসুস্থ হয়ে পড়েছেন বুঝতে পেরে শুনানিকক্ষে থাকা এক কর্মী তাঁকে লাইনের বাইরে এনে বসান। উপস্থিত সকলে তঁার মুখে জল দেন। কিছুক্ষণ পর অবস্থা স্থিতিশীল মনে হলে বিডিও অফিসের গাড়িতে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ডালিয়া চক্রবর্তীর কথায়, ‘একজন অন্তঃসত্ত্বা মহিলাকেও নাগরিকত্ব প্রমাণের শুনানির জন্য ডাকা হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জার। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে তাঁর শারীরিক সমস্যা হয়, তিনি অসুস্থ হয়ে পড়েন। আমরা সকলে দ্রুত তাঁকে সাহায্য করি এবং অফিসের গাড়িতে বাড়ি পাঠাই। প্রশাসনের উচিত এঁদের জন্য বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করা।’ সিপিএমের জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাসের কথায়, ‘বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থদের জন্য যাতে বাড়িতে শুনানির ব্যবস্থা করা হয় তার জন্য এদিন মহকুমা শাসককে মেল মারফত জানানো হয়। বিষয়টি প্রশাসনকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।’

যদিও এবিষয়ে সংশ্লিষ্ট বিএলআরও মুখ খুলতে নারাজ। তাঁর বক্তব্য, তাঁদের কাছে লিখিত কোনও নির্দেশ না আসার কারণে তাঁরা শুনানির জন্য সকলকে উপস্থিত থাকতে বলেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *